জন্ম থেকে মেয়ের ২১ বছর বয়সের প্রতিদিনকার ছবি, এটাই মেয়েকে উপহার দিলেন ভারতীয় বাবা
ছবি তোলার নেশা থেকে সন্তানের প্রতিদিনের ছবি তোলা। একুশতম জন্মদিনে বাবার উপহার সাতহাজার ছশো সত্তরটি ফটোর অ্যালবাম।
সন্তান সকলের কাছে প্রিয়। সেই সন্তানের প্রতিদিনের ছবি তোলার কথা কখনও শুনেছেন কি?
ইংল্যান্ডে কেন্টের গিলিংহামে থাকেন বছর চুয়াল্লিশের মুনিস বনসাল কিন্তু সেটাই করেছেন গত একুশ বছর ধরে। ফটো তোলাটা তার নেশায় পরিণত হয়েছে। মেয়ে সুমনের একুশতম জন্মদিনে উপহার দিয়েছেন সাতহাজার ছশো সত্তরটি ফটোর অ্যালবাম।

মুনিস বনসাল ইংল্যান্ডের কেন্টে থাকলেও তাঁর পিতা-মাতা এবং পরিবারের অন্যরা থাকেন ভারতে। মেয়ে সুমনের জন্মের পর থেকে প্রতিদিন নিয়ম করে বেড়ে ওঠার ছবি পাঠাতে থাকেন পরিবারের সদস্যদের কাছে। বিভিন্ন সময়ে বিভিন্ন মুডের ছবি গুলির মধ্যে রয়েছে হাসি, কান্না, ঘুম কিংবা ছুটির মুডের ছবি। সুইমিং পুলে যাওয়ার ছবির সঙ্গে সঙ্গে স্কুলের প্রথম দিনের ছবি। তালিকায় রয়েছে ক্রাইস্ট চার্চ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ছবিও।এই মুহুর্তে সুমন নার্সিং-এ প্রশিক্ষণ নিচ্ছে এবং ফাইনাল ইয়ারের ছাত্রী সে।

সুমন বনসালের বাবা মুনিস জানিয়েছেন, ফটো তোলার নেশা থেকেই কাজ শুরু করেছিলেন তিনি। কিন্তু পরে তা একটা প্রজেক্টের মতো হয়ে দাঁড়ায়। তার পরে ভাবেন, কেন থামবেন। সেই ভাবনা থেকেই তিনি সন্তানের দিনবদলের চিত্রও তুলে রেখেছেন। সেটা করেছিলেন ভারতে থাকা বাবা-মা ও পরিবারের সদস্যদের দেখাতে। কাজটা একটা রুটিন হয়ে গিয়েছিল বলেও জানিয়েছেন মুনিস। কখনও ভুলে গেলে সেদিন ঘুমাতেও কষ্ট হত বলে জানিয়েছেন কেন্টেবাসী মুনিস। প্রথমে ছবিগুলি অ্যালবামে থাকলেও, পরে তা স্থান পেয়েছে কম্পিউটারে।
মুনিস বলছেন, ছবিগুলি পরপর রাখলে দেখা যাবে ছবির পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার চারপাশে পরিবর্তনের ছবিটাও ধরা পড়েছে। চুলের সজ্জা কিংবা অভিব্যক্তির পরিবর্তনও ধরা পড়েছে ছবিগুলিতে।












Click it and Unblock the Notifications