২৩ তারিখ যদি দেখাও যায় মোদী হেরে গিয়েছেন, তাহলেও দেশের সমস্যার সমাধান দূর অস্তই থাকবে
ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের পরে এক্সিট পোলের ফলাফলের প্রবণতা দেখে অনেকেই বিস্মিত।
ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের পরে এক্সিট পোলের ফলাফলের প্রবণতা দেখে অনেকেই বিস্মিত। এত কিছুর পরেও শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর পক্ষেই যাচ্ছে জনাদেশ? তাও এই বিপুল পরিমাণে? কিছু সূত্রে জানা যাচ্ছে বিরোধী শিবিরের নেতা-নেত্রীদের অনেকেই ঝিমিয়ে পড়েছেন এই এক্সিট পোল দেখে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া। মমতা এখনই মানতে নারাজ যে এই নির্বাচনের জয়পরাজয়ের হিসেব এতটা একপেশে হতে পারে।
সবাই তাকিয়ে রয়েছেন আপাতত ২৩ মে-র দিকে। এনডিএ শিবিরে অবশ্য ইতিমধ্যেই স্বস্তির নিঃশ্বাস পড়তে শুরু করেছে। বিজেপি সভাপতি অমিত শাহ ইতিমধ্যে এনডিএ-র শরিকদের জন্যে মঙ্গলবার নয়াদিল্লিতে একটি ডিনার পার্টির আয়োজনও করে ফেলেছেন।
যদি এক্সিট পোল ভুল প্রমাণিত হয়? ২৩ তারিখে যদি বিজেপি পরাজিত হয়? দু-একটি স্বল্পখ্যাত চ্যানেল সেরকম আভাস দিয়েও রেখেছে যদিও সংখ্যাগরিষ্ঠ বলছে বিজেপিই ফের আসবে ক্ষমতায়।
আসল ফলাফলে যদি দেখা যায় মোদী-শাহের জুটি পরাজিত হয়েছে আর মহাজোট সরকার তৈরীর জায়গায় পৌঁছে গিয়েছে, তবে তা বোধহয় স্বাধীন ভারতের রাজনীতিতে সবচেয়ে বেনজির মুহূর্ত হিসেবে পরিগণিত হবে।

মোদী যদি হেরেও যান, তারপর কী?
প্রশ্ন হচ্ছে, মোদী হারলে তারপর কী? পরবর্তী সরকার গঠনের কাজে করা প্রধান দায়িত্ব পালন করবেন? মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতী এবং অখিলেশ সিং প্রথমের সারিতে থাকবেন ঠিকই কিন্তু জোটের পৌরোহিত্য থাকবেন কে? উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে মিল কম এবং সেক্ষেত্রে ন্যূনতম কর্মসূচি কীভাবে প্রযোজ্য হবে? শুধুমাত্র তাত্ত্বিক কথা আউড়ে কি আদৌ সরকার চালাতে পারবে মহাজোট? মহাজোটের হয়ে মধ্যস্থতা করতে পারে একমাত্র কংগ্রেস কিন্তু শতাব্দী-প্রাচীন দলের বর্তমান রাজনৈতিক অবস্থার কথা ধরলে আঞ্চলি দলগুলির হোতারা কি তাদের কর্তৃত্ব সহজে মেনে নেবে?

মহাজোট কি বিশ্বাসযোগ্য প্রমাণিত হবে?
এরপর রয়েছে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। মহাজোট ক্ষমতায় আসা মানে সরকারে বহুবিধ রাজনৈতিক মত, দৃষ্টিভঙ্গির সহাবস্থান। প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় সেই প্রতিনিধিত্ব সবসময়েই ইতিবাচক কিন্তু প্রশ্ন হচ্ছে, নানা মতের সহাবস্থান আখেরে নানা সমস্যার সহাবস্থানে পর্যবসিত হলে মহাজোটের নেতৃত্ব কি তা সামলাতে পারবেন? বড় প্রশ্ন সেটাও।

ধর্মনিরপেক্ষতা আর ফিরবে বলে মনে হয় না
একথা ভাবলে ভুল হবে যে মহাজোট ক্ষমতায় এলেই ভারতের সামাজিক-রাজনৈতিক জীবন থেকে সংখ্যাগরিষ্ঠতাবাদের ভূত নিমেষে দূর হবে এবং ধর্মনিরপেক্ষতা কায়েম হয়ে যাবে। মোদী যদি হারেনও, তাঁর পাঁচ বছরের রাজত্বকাল এবং অন্যান্য বিভিন্ন কারণে ভারতে সংখ্যাগরিষ্ঠতাবাদের একটি সংস্কৃতি চালু হয়ে গিয়েছে এবং এর পরিপন্থী কিছু করা সহজ কাজ নয়। আজ অ-বিজেপি কোনঅ সরকার এলেও গান্ধী-বিরোধিতার কোনও প্রতিষেধক আমরা খুঁজে পাবো না; সাধ্বী প্রজ্ঞাদের রমরমা বাড়তেই থাকবে; রাষ্ট্র গত পাঁচ বছরে যে জিনকে বোতল থেকে বের করেছে, তা ফের বোতলবন্দি করে কার সাধ্যি?












Click it and Unblock the Notifications