মোদি-দিদি কাছাকাছি আসুক বা না আসুক, বঙ্গের বামেরা এখন খালি মাঠেও গোল দিতে পারবে না

মোদি আর দিদি কাছাকাছি আসছে ভেবে পশ্চিমবঙ্গের একদা অধিপতি বামেদের মনে বেশ খুশি খুশি ভাব | এবার নাকি ওনাদের দারুন সুযোগ সংখ্যালঘু ভোটবাক্সটি হাতানোর | দিদি যেহেতু রামপন্থীদের দিকে ঘেঁষছেন, তাই এই সুযোগ কিছু করার ২০১৬-র আগে |

কিন্তু সত্যি কথা বলতে কী, পশ্চিমবঙ্গের বামদাদুদের কাছে দারুন কিছু একটা করবেন এমন আশা করাই সার | কারণ এই দলটির মুখ আর মানুষ দেখতে চায় না | সে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদির পকেটে ঢুকে পড়ুন কিংবা না, সে পশ্চিমবঙ্গে কারখানার বদলে আরও সিন্ডিকেট খুলুক কিংবা না --- বামপন্থীদের ভোটে কিছু করে দেখানো অলীক আশা ছাড়া কিছুই নয় |

left-front

এমন নয় যে বাঙালি এখন আর বামপন্থায় বিশ্বাস করে না | সারা দুনিয়ায় বাঙালির মত বামপ্রেম আর কারও আছে বলে মনে হয় না | কিন্তু সমস্যাটা সেখানে নয় | সমস্যা হচ্ছে এই বুদ্ধ-বিমান-গৌতম টাইপের নেতা দিয়ে বামেদের কাত হয়ে যাওয়া গাড়ি আর সোজা করা মুশকিল হি নেহি, না মুমকিন | মমতা ব্যানার্জি প্রশাসক হিসেবে ডাহা ফেল, তা আমরা সবাই জানি কিন্তু তাই বলে পিছন ফিরতে রাজি নয় আর কেউই |

এই ধরাশায়ী বামেদের দাঁড় করানোর মতো এলেম বর্তমান নেতাদের কারোরই নেই | এই নেতারা কার্যত এখন ন্যাতায় পরিণত হয়েছেন | নতুন ভাবনাচিন্তা, কর্মসূচি, দৌড়ঝাঁপ ইত্যাদি করে মমতা ব্যানার্জিকে গদিচ্যুত করা এদের পক্ষে এককথায় অসম্ভব | এঁদেরকে মোদি-মমতার রাজনৈতিক সমীকরণ সামলাতে বলা তো দুধের শিশুকে মাধ্যমিক পরীক্ষায় বসতে বলার সামিল | তাঁর থেকে এয়ার-কন্ডিশন্ড নিউজ-স্টুডিওতে বসে "আমাদের ভুল হয়েছিল" বা "আমাদের ভাবতে হবে" গোছের উক্তি করাটাই বেশ আরামদায়ক | না হলে, হাঁটু ফের ফুলে যেতে পারে |

মমতা এবং মোদি দুটি সংখ্যাগুরু সরকারের প্রধান হিসেবে যদি হাতে-হাত ধরে পশ্চিমবঙ্গের মতো মুখ থুবড়ে পরা একটি রাজ্যকে এক পাও এগিয়ে দিতে পারেন, তাহলে বামেদের গায়ে এত জ্বালা ধরে কেন? নরেন্দ্র মোদি যদি রাম-বাক্য ছেড়ে উন্নয়নের কথা বলতে পারেন, বামপন্থীরা নিজেদের প্রাগৈতিহাসিক অবস্থান থেকে নড়তে-চড়তে পারেন না কেন? দোষটা শুধু বয়েসের না মগজেরও?

এই একই লোকগুলো বছর পাঁচেক পর বলবেন মমতা-মোদির সখ্যের বিরোধিতা করে আমরা রাজ্যের প্রগতি আটকে ভুল করেছিলাম | এঁদের বিশ্বাস নেই | মানুষের নাম এঁরা মানুষকে ঠকাতে বিন্দুমাত্র দ্বিধা করেন না |

মমতা ব্যানার্জির অন্ধ সমর্থক না হয়েও বলা যায় যে আজ যদি তৃণমূলের পরিবর্তে বামেরাই পশ্চিমবঙ্গ শাসন করত, তাহলেও রাজ্যটির অবস্থা একই হতো | তার দুটি বড় কারণ | এক, ক্ষয়িষ্ণু নেতৃত্ব এবং দুই, মিডিয়ার অতিরিক্ত রমরমা |

বুদ্ধবাবু যতই যাই বলুন, ওনার মতো সাধারণ মানের নেতার পক্ষে পশ্চিমবঙ্গ শাসন করা কার্যত অসম্ভব হতো আজ | বিরোধীপক্ষ এবং মিডিয়াকে সামলানো তো বটেই, অন্তঃসারশুন্য বামপন্থীদের নিয়ে শাসনকার্য চালানোও পাহাড় ঠ্যালার সমান ব্যাপার হয়ে দাঁড়াত | অনিলায়ন-এর 'আশীর্বাদ' বলে কথা | আর এস্টাব্লিশমেন্ট-বিরোধী'বর্তমান'কে সামলাতে গিয়ে নবাবী মেজাজের বুদ্ধবাবুর যা মাথা গরম হয়েছিল একবার, এখন তো ২৮ ঘন্টা কানের কাছে টিভি মিডিয়ার প্যানপেনানি কোনওমতেই সহ্য হত না |

সেদিক থেকে আপনারা বিরোধীপক্ষেই ভালো আছেন, ওই যেটুকু আছেন আর কী | যখন ক্ষমতায় ছিলেন, তখনও মমতা ব্যানার্জির রাজনৈতিক মোকাবিলা করে উঠতে পারেননি | আর আজ তো ক্ষমতায় এসে তৃণমূল নেত্রী আপনাদের ল্যাজেগোবরে করে ছেড়েছেন | প্রান্তিক শক্তি বিজেপিও আপনাদের সময়ে-সময়ে ব্যোমকে দিচ্ছেন | সংখ্যালঘু ভোট-ফোট নিয়ে ভেবে লাভ নেই | ওসব তো অনেক পরের গল্প | আগে নিজেদের ঘর-দোর দাঁড় করান, ভবিষ্যতের মুখ খুঁজে বার করুন, তারপর না হয় ভাববেন কোথা দিয়ে রাজনীতির জট খোলা যায় |

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+