নোট বাতিল নিয়ে কি এবার বিজেপির অন্দরেই অসন্তোষ দানা বাঁধছে?
দলের মধ্যে অসন্তোষের আঁচ পেয়ে নাকি বৈঠক বাতিল করেছে বিজেপি নেতৃত্ব; নিজের দলেই কি তাহলে এবার সমস্যার মুখে মোদী-শাহ নেতৃত্ব?
অবশেষে কি বিজেপির নেতৃত্ব বুঝছেন বাস্তব পরিস্থিতি? স্ক্রোল-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী দলের শীর্ষ নেতৃত্ব গত তিন দিনে দু'টি দলীয় বৈঠক বাতিল করেছেন নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিক্রিয়া এড়ানোর কারণে।
প্রথম বৈঠকটি হওয়ার কথা ছিল বুধবার (নভেম্বর ১৫) যেদিন সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়। আর দ্বিতীয়টি হওয়ার কথা ছিল শুক্রবার (নভেম্বর ১৮) যেদিন সংসদ সপ্তাহান্তের জন্য মুলতুবি হয়ে যায়।

স্ক্রোল-এর প্রতিবেদনটিতে বলা হয়েছে যে যদিও বিজেপি নেতৃত্ব সরকারিভাবে এই বৈঠক বাতিলের কারণ জানায়নি, দলীয় সূত্রে জানা গিয়েছে নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিজেপির সাংসদরা বিষোদ্গার করতে পারেন এই ভেবেই পদক্ষেপটি নেওয়া হয়েছে যাতে নরেন্দ্র মোদী সরকারের মুখ না পোড়ে।
বিজেপির এক সাংসদ স্ক্রোলকে জানিয়েছেন যে শুক্রবারের বৈঠকে 'ডিমনেটাইজেশন' প্রসঙ্গে দলের সাংসদদের প্রশিক্ষিত করার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত বৈঠকটি বাতিলই হয়ে যায় ছিল কিন্তু শেষ পর্যন্ত বৈঠকটি বাতিলই হয়ে যায়। আগামী সপ্তাহে নাকি বৈঠকটি হতে পারে বলে জানান ওই বিজেপি নেতা।
একইভাবে কোনও কারণ না দর্শিয়েই বাতিল হয় বুধবারের বৈঠকও। ওই বৈঠকে নাকি সংসদে বিরোধীদের আক্রমণ সামলানোর কৌশল ঠিক করার কথা ছিল শাসকদলের। পৌরোহিত্য থাকার কথা ছিল বিজেপি সভাপতি অমিত শাহের।
দলের সূত্রে এও জানা গিয়েছে যে মোদী-শাহরা জেনেবুঝেই এই বৈঠকগুলি থেকে সরে দাঁড়ান কারণ তাঁরা বুঝেছেন যে নোট বাতিলের পদক্ষেপের ফলে খোদ তাঁদের দলেই একটি বড় অংশ যারপরনাই ক্ষিপ্ত। এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে গত ১৪ নভেম্বর পোরবন্দরের বিজেপি সাংসদ জনসমক্ষে এই নোট বাতিলের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন যে এর ফলে কৃষি ক্ষেত্রে বড় প্রভাব পড়বে।
স্ক্রোল-এর প্রতিবদেনটি এও জানাচ্ছে যে শীতকালীন অধিবেশনের প্রথম দিনগুলিতে কিনতু বিরোধীদের কড়া আক্রমণের সামনেও বিজেপি সাংসদদের সেরকমভাবে নিজেদের সরকারের পক্ষ নিয়ে লড়তে দেখা যায়নি। বিশেষ করে গত বুধবার রাজ্যসভাতে এই ছবি প্রকট হয় বলে জানিয়েছে প্রতিবেদনটি।
এরপরেই বিজেপি শুক্রবার তার সমস্ত সাংসদকে সংসদে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করে।
তবে কি তাহলে মোদীর নেতৃত্বের বিরুদ্ধে চাপা অসন্তোষ দেখা দিল বিজেপিতে? নোট বিড়ম্বনার এই অধ্যায় তাড়াতাড়ি চুকেবুকে গেলে তো ভালোই, কিন্তু তা যদি খুব শিগগির না হয়, তবে মোদীর আগামী দিনগুলি যে খুব আনন্দের হবে দলের ভিতরে ওর বাইরে, তা নয়।












Click it and Unblock the Notifications