Weather Update: ভোরে বাড়বে কুয়াশার দাপট, কলকাতা-সহ জেলায় জেলায় পারা পতন; জাঁকিয়ে শীত কবে?
Weather Update: রাজ্যজুড়ে ধীরে ধীরে নামছে পারদ। শীতের আমেজ ইতিমধ্যেই অনুভূত হচ্ছে প্রায় সব জেলাতেই। শীতের আমেজ এলেও পুরোপুরি জাঁকিয়ে শীত (Winter Forecast) আসতে এখনও ঢের দেরি। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Weather Office)। আপাতত নভেম্বর মাসে জাঁকিয়ে শীত পড়বে না বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।
নভেম্বরের মাঝামাঝি থেকেই পারদ পতনের (Temperature Fall) পূর্বাভাস আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেইমতো শুক্রবারের পর থেকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের নিচে নামছে তাপমাত্রা। সপ্তাহান্তেই হাওয়া বদল হবে গোটা রাজ্যে। এভাবে আগামী এক সপ্তাহে প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে তাপমাত্রা।

হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা কমার পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে কুয়াশার দাপট (Fog)। সকালের দিকে কুয়াশার জেরে কম হতে পারে দৃশ্যমানতাও (Visibility)। আগামী তিন দিন সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। মোটের উপর শুষ্কই থাকবে আবহাওয়া। রাতের দিকেও সামান্য কুয়াশা দেখা দিতে পারে।
তাপমাত্রা কমার পাশাপাশি দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস (Rain Alert)। ১৭ তারিখে দার্জিলিং ও ১৮ তারিখে দার্জিলিং সহ কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যের বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
উল্লেখ্য, পারা পতনের ফলে পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ১৬ ডিগ্রির সেলসিয়াসের ঘরে। ঝাড়গ্রাম, শ্রীনিকেতন ও পানাগড়ে ১৭ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। পশ্চিমি ঝঞ্ঝার জেরে প্যাসেজ পেয়ে বঙ্গে ঢুকছে কনকনে উত্তুরে হাওয়া। যার জেরেই জেলায় জেলায় ব্যাপক পারদ পতন শুরু হয়েছে।
আগামী ৪-৫ দিনে ঠান্ডার প্রকোপ আরও বাড়বে। বীরভূম ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে ১৫ ডিগ্রিতে নেমে যেতে পারে তাপমাত্রা। সব মিলিয়ে, নভেম্বরের শেষ লগ্নে শীতের ঝোড়ো ইনিংসের সম্ভাবনা জানাল আলিপুর আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications