West Bengal Weather Update: হু হু করে আরও নামবে পারদ, রাজ্যজুড়ে বাড়বে শীত; ঘন কুয়াশার সতর্কতা একাধিক জেলায়
West Bengal Weather Update: রাজ্যজুড়ে ঝোড়ো ইনিংস শীতের (Winter Spell)। একদিনে প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে গেল তাপমাত্রা। বুধবারের পর বৃহস্পতিবার ফের এক ধাক্কায় অনেকটা তাপমাত্রা (Temperature down) কমে যাবে রাজ্যের বিভিন্ন জেলায়। প্রধানত শুষ্কই থাকবে আবহাওয়া। রাজ্যের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে বেশকয়েকটি জেলায়।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তারপর তাপমাত্রায় তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ, চলতি সপ্তাহের শেষে ও আগামী সপ্তাহের শুরুতে হাড়কাঁপানো শীত অনুভব হবে রাজ্যজুড়ে।

বিদায় নিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে শীতের পথে আর বাধা নেই। হু হু করে রাজ্যে ঢুকছে কনকনে উত্তুরে হাওয়া। যার জেরেই একধাক্কায় অনেকটা নেমে গেল পারদ। ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে ব্যাপকভাবে নেমে গিয়েছে তাপমাত্রা। উত্তরের জেলাগুলির সঙ্গে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা। ১০ ডিগ্রিতে নেমে গিয়েছে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা।
বুধবার কলকাতার তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রির আশেপাশে। বৃহস্পতিবার সকালে তা নেমে গেল ১৩.৮ ডিগ্রিতে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতার আকাশ মূলত পরিষ্কারই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪৪ থেকে ৯৬ শতাংশ।
মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। একই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে উত্তরবঙ্গেও। কোনও জেলায় বৃষ্টি হবে না। তবে উত্তরবঙ্গের ৬ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং ও উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ঘন কুয়াশার জেরে ৫০ মিটারে নেমে আসতে পারে দৃশ্যমানতা। মাঝারি কুয়াশা পড়বে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সকালের দিকে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া,পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।












Click it and Unblock the Notifications