Weather Update: ৪৮ ঘণ্টায় শৈত্যপ্রবাহের সতর্কতা, হাড়কাঁপুনি ঠান্ডা জেলায় জেলায়; কী পূর্বাভাস হাওয়া অফিসের?
West Bengal Weather Update: রাজ্যের জেলায় জেলায় শীতের (Winter spell) ঝোড়ো ইনিংসের দাপট। একাধিক স্থানে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা। কনকনে ঠান্ডায় উত্তরের জেলাগুলির সঙ্গে কার্যত পাল্লা দিচ্ছে পশ্চিমের জেলাগুলি। এরই মাঝে ফের আগামী ৪৮ ঘণ্টায় শৈত্যপ্রহবাহের (Coldwave) পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, রবিবার ও সোমবার সকালে রাজ্যের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। ওই সমস্ত জেলাগুলিতে ১০ ডিগ্রির নিচে থাকবে তাপমাত্রা।

রাজ্যজুড়ে ব্যাপক পারাপতন পরিলক্ষিত হয়েছে শনিবার। দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় স্বাভাবিকের থেকে ৫.১ ডিগ্রি কমে গিয়েছিল তাপমাত্রা। শনিবার সেখানে তাপমাত্রা ছিল ৭.৯ ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রামে ৮.৫, পানাগড়ে ৯.১, সিউড়িতে ৯, শ্রীনিকেতনে ৯.১ ও কল্যাণীতে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। কলকাতার তাপমাত্রা অবশ্য ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের কালিম্পংয়ে তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং শহরে ৪.৪ ডিগ্রি ও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবারের পর তাপমাত্রায় খানিকটা পরিবর্তন হতে পারে। ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। বেশকিছু এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। তবে ৪-৫ দিন কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।
তবে সপ্তাহান্তে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে। ফলে তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। কিন্তু শীতের আমেজ বজায় থাকবে। অন্যদিকে উত্তুরে হাওয়ায় বাধা হয়ে দাঁড়াতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। আগামী ২-৩ দিনের মধ্যে তা আসবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে তা কেটে গেলে ফের জাঁকিয়ে কনকনে শীত পড়বে বাংলায়।
সোম ও মঙ্গলবার বাড়বে কুয়াশার দাপটও। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কুয়াশার সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগণা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও ঘন কুয়াশার দাপট দেখা দিতে পারে।












Click it and Unblock the Notifications