West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ফিরছে না জাঁকিয়ে শীত, তাপমাত্রা কমবে উত্তরবঙ্গে; কেমন থাকবে আবহাওয়া?
West Bengal Weather Update: বাংলাজুড়ে কনকনে শীতের দাপট (Winter spell) উধাও। পৌষপার্বণেও জাঁকিয়ে ঠান্ডা পড়ছে না। সোমবার থেকে তাপমাত্রা (Temperature) খানিকটা বাড়তে পারে। আগামী এক সপ্তাহ ১৪ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। পৌষপার্বণে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ঘন কুয়াশার (Dense Fog) সতর্কবার্তা রয়েছে একাধিক জেলায়।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। যা স্বাভাবিকের থেকে সামান্য উপরে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সোমবারই একধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়াতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এরপর সপ্তাহজুড়ে ফের ১৪ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে পারদ।

মকর সংক্রান্তিতে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ থাকবে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বাতাসে প্রবেশের সম্ভাবনা রয়েছে। যার জেরে শীতের আমেজ বজায় থাকলেও কনকনে ঠান্ডা পড়বে না। উল্টে মঙ্গলবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পৌষ সংক্রান্তির শেষে আবার একটু শীত পড়তে পারে।
তবে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। সকালের দিকে ঘন কুয়াশা পড়তে পারে। দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে কলকাতা-সহ পাঁচ জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সব জেলাতেই। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় কুয়াশা বেশি পড়তে পারে। সোমবার থেকে কুয়াশার দাপট বেশি থাকবে বলেও জানানো হয়েছে।
কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং,জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। ওই চার জেলায় ৫০ মিটার বা তার নিচে দৃশ্যমানতা নেমে আসতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। দার্জিলিংয়ে বরফ পড়ার সম্ভাবনাও রয়েছে। সোমবার হালকা তুষারপাত হতে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গে কমতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫১ শতাংশ ও সর্বোচ্চ ৯১ শতাংশ।












Click it and Unblock the Notifications