West Bengal Weather Update: ফের খানিকটা নামবে পারদ, মাঘের শেষে ফিরবে শীত! জানুন আবহাওয়া আপডেট
West Bengal Weather Update: মাঘ মাসের শেষের দিকেও কনকনে শীত (Winter) উধাও। কার্যত গরমেই কেটেছে সরস্বতী পুজো। চলতি মাসেই পাকাপাকিভাবে শীত বিদায় নিতে চলেছে। তবে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে ফের পারদ পতনের পূর্বাভাস। একধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে তাপমাত্রা। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
মঙ্গলবার কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তাপমাত্রা গড়ে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, কনকনে ঠান্ডা তো দূর, ঠান্ডার আমেজটুকুও তেমন থাকবে না। মঙ্গলবার কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ ও ন্যূনতম ৪৭ শতাংশ থাকবে।

হাওয়া অফিস জানিয়েছে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (Kolkata and South Bengal Weather) শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বুধবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
বৃহস্পতিবার থেকে ফের পারা পতন (Temperature Fall) ঘটবে। শুক্রবার থেকে তা আরও কমতে পারে। সপ্তাহান্তে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে। অর্থাৎ, পাকাপাকিভাবে শীতের বিদায়ের আগে আরও একবার কমতে পারে তাপমাত্রা।
ভোরের দিকে কুয়াশার দাপট (Dense Fog) থাকবে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলবে। কুয়াশা কাটিয়ে বাড়বে দৃশ্যমানতা। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত উত্তরবঙ্গেও আর তাপমাত্রা কমার পূর্বাভাস নেই। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবার শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।












Click it and Unblock the Notifications