West Bengal Weather Update: হুড়মুড়িয়ে নামছে পারদ, শীতের ঝাপটায় কাঁপছে বাংলা; বৃষ্টি কোন কোন জেলায়?
West Bengal Weather Update: মিলে গেল আবহাওয়া দফতরের পূর্বাভাস। নতুন বছরের শুরুতেই হুড়মুড়িয়ে নামল পারদ (temperature fall)। বছরের প্রথম দিনেই হাড়কাঁপানো শীত (Winter spell) অনুভূত হয়েছে কলকাতা সহ জেলায় জেলায়। বুধবারের পর বৃহস্পতিবার আরও পারদ নামার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শহর থেকে জেলা সর্বত্র থাকবে শীতের দাপট।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বিশেষ হেরফের হবে না। তাপমাত্রাও থাকবে প্রায় একই রকম। অর্থাৎ শীতের কামড় অব্যাহত থাকতে চলেছে। ২০২৪ এর ডিসেম্বরের শেষের দিকে কনকনে শীতের দেখা প্রায় মেলেনি বললেই চলে। ২০২৫ পড়তেই শীতের ঝোড়ো ইনিংস শুরু হয়ে গিয়েছে।

বুধবার বছরের প্রথম দিন কলকাতায় (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি। তবে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৩ ডিগ্রিতে। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশ ও সর্বনিম্ন ৬১ শতাংশ থাকবে। চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস।
পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও ১১ ডিগ্রিতেও পোঁছেছে। শীতের দাপট রয়েছে উত্তরবঙ্গেও। আগামী ৫ দিন সেখানেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই পূর্বাভাস। ৭ জানুয়ারি পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। শীতের দাপট বজায় থাকবে উত্তরবঙ্গের সর্বত্র।
তবে প্রবল শীতের মাঝেই রয়েছে বৃষ্টির পূর্বাভাসও (Rain Alert)। বেশকয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৭ জানুয়ারি মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের চারটি জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে ওই জেলাগুলিতে।
একে নতুন বছর, তার উপর শীত। উত্তরবঙ্গ এখন ভরা পর্যটনের মরসুম। এরই মাঝে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সর্বত্র কুয়াশা দিয়ে দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের প্রভাব কমে আপাতত কনকনে ঠান্ডার দাপট অব্যাহত থাকবে রাজ্যজুড়ে।












Click it and Unblock the Notifications