West Bengal Weather Update: ঠান্ডায় জবুথবু বাংলা, একধাক্কায় তিন ডিগ্রি কমে গেল তাপমাত্রা; জানুন আবহাওয়া আপডেট
West Bengal Weather Update: ফের জাঁকিয়ে শীত (winter) কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। এক ধাক্কায় তিন ডিগ্রি সেলসিয়াস কমে গেল তাপমাত্রা। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature) পৌঁছল ১২ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রিরও নিচে নেমে গিয়েছে তাপমাত্রা। তবে পশ্চিমী ঝঞ্ঝার (Western Disturbances) কারণে পরের সপ্তাহের শুরুতে বাড়তে পারে তাপমাত্রা।
বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature) ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারও তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস। তবে শনিবার থেকে তাপমাত্রার তারতম্য হতে পারে। শনি ও রবিবার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে ১৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

তবে সোমবার থেকে ফের আবহাওয়ার ভোলবদল হবে। সোমবার এক ধাক্কায় তিন ডিগ্রি বেড়ে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার ১৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তারপর থেকে ১৬ থেকে ১৫ ডিগ্রির আশেপাশেই সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা। অর্থাৎ পৌষ পার্বণের মধ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বললেই চলে।
পশ্চিমী ঝঞ্ঝার কারণে সাধারণত ঊর্ধ্বমুখী হবে পারদ। তার কারণেই বাধাপ্রাপ্ত হবে উত্তুরে হাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেকারণেই বাড়বে তাপমাত্রা। তবে জানুয়ারির শেষের দিকে ফের কমে যেতে পারে তাপমাত্রা। তবে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত আবহাওয়া শুষ্কই থাকবে।
এদিকে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিংয়ে বরফ পড়ার সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ১৩ জানুয়ারি উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই সিকিম ও দার্জিলিংয়ের বিস্তীর্ণ এলাকায় শিলাবৃষ্টি ও তুষারপাত হয়েছে। সেকারণেই কনকনে ঠান্ডায় জবুথবু হয়েছে উত্তরের পাহাড়ি এলাকা। শীতের আমেজ ভালোই উপভোগ করছেন পর্যটকরাও।
গোটা ডিসেম্বর মাসে আবহাওয়ার খামখেয়ালিপনা দেখেছে রাজ্যবাসী। পারদের ওঠানামা বারবার দেখা গিয়েছে। নতুন বছরে জাঁকিয়ে শীত পড়তেই আশা করা হয়েছিল তা স্থায়ী হবে। কিন্তু চলতি জানুয়ারিতেও ফের শীতের খামখেয়ালিপনা চলছেই। তারই মাঝে আবার তিনটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। উত্তর-পূর্ব অসমের উপরে ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের উপর এবং উত্তর তামিলনাড়ু সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। যদিও তাদের প্রভাবে রাজ্যে বৃষ্টি হবে না বলেই পূর্বাভাস।












Click it and Unblock the Notifications