Weather Update: জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, বড়দিনের আনন্দ কি মাটি হবে? জেনে নিন আবহাওয়ার আপডেট
West Bengal Weather Update: বিগত ২-৩ দিনে কমে গিয়েছে শীতের দাপট। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৮টি জেলায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে আগামী ৪ দিন তাপমাত্রার বড়সড় কোনও হেরফের হবে না।
আপাতত নামছে না সর্বনিম্ন তাপমাত্রা। তবে ৪ দিন পর থেকেই কমতে পারে রাতের তাপমাত্রা। অর্থাৎ বড়দিনে (Christmas) শীতের আমেজ অনুভূত হবে বলেই আশা। কিন্তু বৃষ্টি কি বড়দিনের আনন্দে ভাটা ফেলবে? আলিপুর আবহাওয়া দফতরের (Weather Office) পূর্বাভাস, শুক্র ও শনিবারই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে পাল্টে যাবে আবহাওয়া। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

শুক্রবার দক্ষিণবঙ্গের যে আটটি জেলায় বৃষ্টির পূর্বাভাস (Rain Alert) দেওয়া হয়েছে, সেগুলি হল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। ওই জেলাগুলির একটি বা দুটি অংশে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। বাদবাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া।
শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের দু-একটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সম্ভাবনা রয়েছে তুষারপাতেরও (Snowfall)। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে। সপ্তাহান্তে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। কলকাতার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার দক্ষিণবঙ্গের ১০টি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা ও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। বড়দিনে শুষ্ক থাকবে উত্তরবঙ্গের আবহাওয়াও।
শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। শনিবার সকালের দিকে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে কুয়াশার দাপট থাকতে পারে। রবিবার দক্ষিণবঙ্গজুড়ে কুয়াশার দাপট থাকবে। ১০টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, শুক্র ও শনিতে উত্তরবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।












Click it and Unblock the Notifications