West Bengal Weather Update: বড়দিনের আগে উধাও কনকনে শীত, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস; জানুন আবহাওয়া আপডেট
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গ থেকে কার্যত উধাও হয়ে গিয়েছে কনকনে ঠান্ডা (Winter)। মূলত উত্তুরে হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। সেকারণেই বড়দিন ও বর্ষশেষের সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ছে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এরই মাঝে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের একাংশে হালকা বৃষ্টি হতে পারে। তবে কলকাতা-সহ বাকি জেলাগুলির তাপমাত্রা শুষ্কই থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, জাঁকিয়ে ঠান্ডা পড়তে আরও ২ সপ্তাহ সময় পেরিয়ে যেতে পারে। অর্থাৎ ২০২৫ সালের শুরুতে গিয়ে কনকনে ঠান্ডায় কাঁপতে পারে বাংলা। ততদিন পর্যন্ত ১৫ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া (Weather Office) দফতর জানিয়েছে, বড়দিনের আগের দিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রিতে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ২.৫ ডিগ্রি উপরে। এদিন শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বড়দিনের (Christmas Weather) আনন্দ মাটি করবে না বৃষ্টি।
আগামী ৪ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রায় কোনও বদল হবে না। উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। এই মুহূর্তে উত্তরবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট দেখা দিতে পারে। কালিম্পং, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরে জেলায় ঘন কুয়াশার দাপট দেখা দিতে পারে।
দক্ষিণবঙ্গেও পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঘন কুয়াশার দাপট থাকবে বলে পূর্বাভাস। জাঁকিয়ে ঠান্ডা না পড়লেও ভোরের দিকে এই কুয়াশা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় এদিন সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৮ শতাংশ ও সর্বনিম্ন ৩২ শতাংশ। বছরের শেষটা কার্যত খামখেয়ালি আবহাওয়ায় কাটাচ্ছে বঙ্গবাসী।
উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তর ভারতের সমতল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বাধাপ্রাপ্ত হয়েছে উত্তুরে হাওয়া। যার জেরেই কনকনে শীতের দেখা মিলছে না। ক্রিসমাস থেকে বর্ষশেষ পর্যন্ত তাই বিনা শীতেই উদযাপনে মাতবে বঙ্গবাসী। পুরোপুরি ঠান্ডা পড়তে জানুয়ারির প্রথম সপ্তাহ গড়িয়ে যেতে পারে বলেই আশঙ্কা।












Click it and Unblock the Notifications