Weather Update Today: বাংলায় বর্ষার বিদায়ঘণ্টা, পুজো শেষে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে
Weather Update Today: পুজো মিটতেই বাংলা থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। নির্দিষ্ট সময়ের কিছুটা দেরিতেই বিদায় নেবে বর্ষা। মৌসম ভবন জানিয়েছে, আগামী ২ দিনেই পশ্চিমবঙ্গের বেশকিছু অঞ্চলে বর্ষা বিদায় নেওয়ার মতো অনুকূল পরিস্থিতি সৃষ্টি হবে। তবে রবিবার দুর্গা প্রতিমা বিসর্জনের দিনও রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
রবিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আকাশ আংশিক মেঘলা থাকবে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে।

কলকাতাতেও রবিবার আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে শহরে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে রাতে বাড়তে পারে অস্বস্তি।
এদিকে উত্তরবঙ্গে কোথাও পরিষ্কার ও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বর্ষা বিদায়ের পর আবহাওয়ার পরিবর্তনহবে বাংলায়। হাওয়া অফিস জানিয়েছে, নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপে পরিণত হয়ে করমণ্ডল উপকূলের দিকে তা যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে বিহারের দ্বারভাঙ্গা, রাঁচির হাজারিবাগ, নরসিংহপুর ও নবসারির উপর। পড়শি রাজ্যগুলি থেকে আগামী ২ থেকে ৩ দিনেই বর্ষা বিদায় নিতে পারে বলে পূর্বাভাস।












Click it and Unblock the Notifications