Weather Update: ৪ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, শীতের প্রবেশ নিয়ে বড় আপডেট মৌসম ভবনের
Weather Update: সকালে ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হলেও বেলা বাড়তেই তা উধাও। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে চললেও গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। মঙ্গলবার অর্থাৎ ৫ নভেম্বরও আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে বৃষ্টি (Rain Alert) থেকে এখনই রেহাই মিলছে না।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই। বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ ৬ ও ৭ নভেম্বর বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সকালের দিকে হালকা কুয়াশার দেখা মিলবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, এই মুহূর্তে কোনও রকম ওয়েদার সিস্টেম না থাকায় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ।

বর্তমানে উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব থেকে পশ্চিমবঙ্গে হাওয়া ঢুকছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মূলত বঙ্গোপসাগরে জলীয় বাষ্প পূর্ণ বায়ু ও স্থলভাগের শুষ্ক উত্তুরে হাওয়ার সংঘর্ষেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে।
চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের (Thunderstorms) সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন (IMD)। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টির (Light to moderate rain) সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির জেরে উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমবে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের হবে না। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তবে তার গতিপথ হতে পারে তামিলনাড়ু বা শ্রীলঙ্কার দিকে। পশ্চিমবঙ্গে এর কোনও প্রভাব পড়বে না।
তবে বঙ্গে এখনই শীত আসছে না (Winter Forecast)। অন্তত ২৫ নভেম্বরের আগে তেমনটা ইঙ্গিত নেই। ২৫ তারিখের আগে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশিই থাকবে। তবে মৌসম ভবন জানিয়েছে, এবছর দেশের বিভিন্ন প্রান্তে প্রয়োজনের তুলনায় বেশি বৃষ্টি হওয়ায় উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে শীতের দাপটও বেশি হবে। বড়দিন ও নিউ ইয়ারেও ব্যাপক শীত থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।












Click it and Unblock the Notifications