West Bengal Weather: নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলায় ফের শীতের পথে কাঁটা বৃষ্টি, কী জানাল আবহাওয়া দফতর?
Weather Update: জাঁকিয়ে শীতের পথে ফের কাঁটা বৃষ্টি। অল্প শীতের (Winter) মধ্য দিয়েই পেরোল ডিসেম্বরের প্রথম সপ্তাহ। তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেও কনকনে ঠান্ডা পড়ছে না। বঙ্গোপসাগরে নিম্নচাপ (Depression) ও পশ্চিমী ঝঞ্ঝার (Western Disturbance) জোড়া ফলায় বাংলায় ফের বৃষ্টির পূর্বাভাস (Rain Alert)। বাড়তে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মূলত পশ্চিমী ঝঞ্ঝার জেরে পরিবর্তন হবে রাজ্যের আবহাওয়ায়। রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশকয়েকটি জেলায়। সোমবার থেকে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। যার জেরে এখনই জাঁকিয়ে শীত পড়বে না। তবে পরের সপ্তাহে শেষের দিকে হাড়কাঁপানো ঠান্ডা পড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

অন্যদিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেও বৃষ্টি হবে এ রাজ্যে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এই নিম্নচাপ শক্তি সঞ্চয় করে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
অর্থাৎ ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে অভিমুখ থাকবে নিম্নচাপের। যার জেরেই রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি (Rain Forecast) হতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্কই থাকবে আবহাওয়া।
সোমবার দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টি হতে পারে। এদিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংয়ে। হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও মালদহতেও।
তবে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির কাছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশা (Fog Warning) থাকবে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ঘন কুয়াশার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পাহাড়ে তুষারপাতেরও সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications