Bagdogra Airport: বাগডোগরায় সম্প্রসারণের শিলান্যাস মোদীর, গরহাজির মমতা; জয় শ্রীরাম স্লোগানে 'বিরক্ত' গৌতম
Narendra Modi Bagdogra Airport Expansion: বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের কাজের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বারাণসী থেকে ভার্চুয়াল মাধ্যমে কাজের শিলান্যাস করেন মোদী। বাগডোগরা বিমানবন্দরের আধুনিকীকরণে বরাদ্দ করা হল ১৫৪৯ কোটি টাকা। তবে অনুষ্ঠান শেষে দানা বাঁধল বিতর্ক। সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে ফের একবার জয় শ্রীরাম স্লোগান দেওয়ার অভিযোগ।
এদিন শিলিগুড়ির কাওয়াখালির মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, শিলিগুড়ির মেয়র গৌতম দেবসহ একাধিক নেতৃত্ব। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পাঠানো হলেও উপস্থিত হননি তিনি। তৃণমূল নেতা গৌতম দেবকে দেখেই দর্শকাসন থেকে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয় বলে অভিযোগ।

অনুষ্ঠান শেষে গৌতম দেব বলেন, "আমি জয় বাংলা বলতে পারতাম। কিন্তু সরকারি অনুষ্ঠানের প্রোটোকল মেনেছি। এর আগেও সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান (Jai shri ram slogan) উঠেছে। সরকারি অনুষ্ঠানে এই স্লোগান বাঞ্ছনীয় নয়।" বিজেপিকে নিশানা করে মেয়র আরও বলেন, "গোটাটাই রাজনৈতিক সংস্কৃতির ব্যাপার। মানুষ বিচার করবেন।"
এদিকে প্রাকৃতিক বিপর্যয়ে বেহাল অবস্থা ১০নং জাতীয় সড়কের। শিলিগুড়ি থেকে সিকিম সংযোগকারী এই রাস্তা একমাত্র লাইফলাইন। এনিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার (Raju Bista)।
তিনি বলেন, "বিমানবন্দরের সম্প্রসারণে এই এলাকার উন্নয়ন ঘটবে। রাজ্য সরকার জমি দিলে কেন্দ্র আরও প্রকল্প গড়বে। কিন্তু ১০নং জাতীয় সড়ক নিয়ে মমতার আগেই ভাবা উচিত ছিল। উনি ভাবা বন্ধ করে দিয়েছেন। ১০নং জাতীয় সড়ক মেরামতের কাজ করবে কেন্দ্র সরকার।"
উল্লেখ্য, বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের কাজ শেষ হলে আন্তর্জাতিক স্বীকৃতি পাবে এই বিমানবন্দর। এদিন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানান, "ভৌগলিক অবস্থানগত দিক থেকে চিকেন নেক খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে চিন সীমান্ত ১৫০ কিলোমিটার দূরে। কাছেই রয়েছে বাংলাদেশ,ভুটান এবং নেপাল। ফলে আগামিদিনে যোগাযোগের আরও সুবিধা হবে।"












Click it and Unblock the Notifications