Banglar Bari: মঙ্গলেই 'বাংলার বাড়ি' প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু, নবান্নে আনুষ্ঠানিক সূচনায় মমতা
Banglar Bari:মঙ্গলেই বাংলার বাড়ি গ্রামীণ আবাস প্রকল্পের টাকা (installments) প্রদানের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিকেল ৪টে ৪৫ মিনিটে নবান্ন সভাঘরে প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।
বাংলা আবাস যোজনায় নথিভুক্ত ১২ লক্ষ পরিবারকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেবে রাজ্য। প্রথম ধাপে ৬০ হাজার টাকা ঢুকবে এদিন। রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফে জানানো হয়েছে, প্রথম কিস্তির ৬০ হাজার টাকা উপভোক্তার ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের অ্যাকাউন্টেই সরাসরি ঢুকে যাবে।

মঙ্গলবার বিকেলে অনুষ্ঠানের সূচনার সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করে দেবে রাজ্য সরকার। বুধবারের মধ্যে তা পুরোদমে শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। বাংলা আবাস যোজনার প্রথম কিস্তিতে দেওয়া হবে ৬০ হাজার টাকা। এরপর দ্বিতীয় কিস্তিতে ৪০ হাজার ও শেষ কিস্তিতে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।
মোট ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হবে প্রত্যেক পরিবারকে। ৩০ ডিসেম্বরের মধ্যে মোট ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে টাকা। নতুন সমীক্ষা অনুযায়ী তৈরি চূড়ান্ত তালিকায় যাদের নাম রয়েছে, তারাই বাড়ি তৈরির টাকা পাবেন।
দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারদের যারা গৃহহীন, কিংবা কাঁচা মাটির বাড়িতে বসবাস করেন, তাদের পাকা বাড়ি তৈরির জন্য বাংলা আবাস যোজনার (Bangla Awas Yojana) মাধ্যমে আর্থিক সাহায্য প্রদান করা হয়।
বর্তমানে ১ লক্ষ ২০ হাজার ও ১ লক্ষ ৩০ হাজার টাকা করে দেওয়া শুরু হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে বছরভর প্রাকৃতিক দুর্যোগে যাদের বাড়ি ভেঙে গিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাও মঙ্গলবার থেকে টাকা পাবেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্র ৬০ শতাংশ ও রাজ্য ৪০ শতাংশ অর্থ দিয়ে থাকে। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে বরাদ্দ বন্ধ রয়েছে। তাই বাংলা আবাস যোজনা প্রকল্পে সম্পূর্ণ টাকা রাজ্য দেবে বলে সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য পুরো টাকা দেওয়ায় প্রকল্পের নাম বাংলার বাড়ি রাখা হয়েছে। উপভোক্তার সংখ্যা বিপুল হওয়ায় ডিসেম্বরের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে টাকা। তাই কেউ যাতে ধৈর্য না হারান তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications