ED Raid: ১ হাজার কোটি টাকার সাইবার প্রতারণা! কলকাতা-সহ রাজ্যের আট জায়গায় তল্লাশি ইডির
ED Raid in Bengal: ১ হাজার কোটি টাকার অনলাইন প্রতারণার (Cyber fraud) অভিযোগ। বৃহস্পতিবার সাতসকাল থেকে রাজ্যে তল্লাশি অভিযান (Raid) শুরু ইডির। রাজ্যের ৮টি জায়গায় এদিন তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন কলকাতার পার্ক স্ট্রিট, সল্টলেক, বাগুইআটি ছাড়াও জেলার তিনটি জায়গায় তল্লাশি অভিযান চালাল ইডি।
তামিলনাড়ুতে (Tamilnadu) সাইবার প্রতারণার অভিযোগে এদিন বাংলায় তল্লাশি চালাল ইডি। ইডির এক আধিকারিক জানান, সল্টলেকে (Saltlake) তল্লাশি অভিযানের সময় জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বাগুইআটিতে একটি রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে অভিজাত ফ্ল্যাটেও এদিন তল্লাশি চালানো হয়। সাইবার প্রতারণায় একাধিক ব্যক্তি জড়িত বলে দাবি। পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে অপরাধীরা ছড়িয়ে রয়েছে বলে দাবি ইডির।

মূলত চেন্নাইয়ের ডিজিটাল অ্যারেস্ট মামলায় কলকাতায় সাতসকালেই হানা দেয় ইডি। বুধবার রাতেই কলকাতায় আসেন তারা। বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে দুটি দলে ভাগ হয়ে ইডির টিম সল্টলেক, বাগুইআটি, শেক্সপিয়র সরণিতে তল্লাশি চালায়। কখনও ইডির অফিসার, কখনও আবার মুম্বই পুলিশ বা টেলিকমিউনিকেশনের অফিসার সেজে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ।
তদন্তে নেমে বাংলায় এল ইডির চেন্নাই জোনের আধিকারিকরা। প্রথমে সল্টলেকের পিএনবি আইল্যান্ডের কাছে এক ব্যবসায়ীর বাড়িতে যান ইডির আধিকারিকরা। ব্যবসায়ী সদানন্দ ঝাঁ-এর খোঁজে যান তারা। যদিও তাকে সেখানে পাওয়া যায়নি। তখনই এক যুবককে সেখান থেকে ধরে নিয়ে বাগুইআটির রঘুনাথপুর এলাকায় ওই ব্যবসায়ীর পরিচিত এক ব্যক্তির বাড়িতে যান তদন্তকারী আধিকারিকরা।
মন কি বাত অনুষ্ঠানে ডিজিটাল অ্যারেস্ট নিয়ে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত অনলাইনে বিভিন্ন ভুয়ো সমন পাঠিয়ে নিরীহদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে ব্যক্তিগত তথ্য হাতিয়ে প্রতারণা করা হয়। এরই পোশাকি নাম ডিজিটাল অ্যারেস্ট।
এই সমস্ত ব্যক্তিগত তথ্য হাতিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয় সাইবার প্রতারকরা। ইতিমধ্যেই দেশজুড়ে মাথাচাড়া দিয়েছে এমনই কিছু ডিজিটাল অ্যারেস্টের ঘটনাও। আর তাতেই এবার বাংলার বেশ কয়েকটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাল ইডির চেন্নাই জোনের আধিকারিকরা।












Click it and Unblock the Notifications