BGBS: লক্ষ্মীবারে বিনিয়োগকারীদের সঙ্গে মউ স্বাক্ষর রাজ্যের, বাণিজ্য সম্মেলনের শেষদিনে দেউচা পাচামিতেও সক্রিয়তা
BGBS 2025: বৃহস্পতিবার বিজিবিএসের দ্বিতীয় ও শেষ দিন। লক্ষ্মীবারে কত বিনিয়োগ আসে সেদিকে নজর সকলের। সূত্রের খবর, এদিন ৫ দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক রয়েছে মমতার (Mamata Banerjee)। সেক্টেরিয়াল মিটিং হয়েছে মিলন মেলা প্রাঙ্গণে।
প্রথম দিনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে আলোচনা হয়েছে। আজ দ্বিতীয় দিনে স্বাস্থ্য, শিক্ষা ও বিদ্যুৎ ক্ষেত্র নিয়ে বড় বড় বিনিয়োগের (Investment) প্রস্তাব আসতে পারে। সমাপ্তি ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে একাধিক কোম্পানির সঙ্গে রাজ্যের মউ স্বাক্ষরের প্রক্রিয়া চলছে আজ।

দুটি জায়গায় চলে মউ স্বাক্ষরের কাজ। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার ও মিলন মেলা প্রাঙ্গণে হয়েছে মউ স্বাক্ষর। সূত্রের খবর, মোট ১ লক্ষ কোটি টাকারও বেশি লগ্নির প্রস্তাব এসেছে। বিজিবিএসের প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও সেরেছেন মমতা।
এদিকে, গতকাল বিজিবিএসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই বৃহস্পতিবার দেউচা পাচামিতে (Deocha Pachami) কয়লা উত্তোলনের প্রস্তুতি শুরু হয়েছে। সকাল থেকেই প্রশাসনের সক্রিয়তা দৃষ্টিগোচর হচ্ছে। জমি অধিগ্রহণ শেষ হয়েছে, লক্ষাধিক কর্মসংস্থান হবে বলে দাবি করেন মমতা। সকাল থেকেই খুশির হাওয়া দেউচা পাচামি জুড়ে। স্লোগান দিয়ে চাকরির দাবি তুলছেন জমিদাতাদের একাংশ।
টাটা সনসের চেয়ারম্যান নটারাজন চন্দ্রশেখরণের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমন্ত্রণ থাকলেও কিছু অসুবিধার জন্যে বিজিবিএসে আসতে পারেনি তিনি। ফোনে তাঁর সঙ্গে কথা বলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, "চন্দ্রশেখরণবাবু জানিয়েছেন তিনি বাংলার জন্য অনেক কিছু করতে চান। বাংলা থেকে ইউরোপ সরাসরি বিমান চালুর কথা বলেছি। ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। আগামিদিনে রাজ্যে প্রতিনিধি দল পাঠাবেন বলেও জানিয়েছেন।"
প্রসঙ্গত, অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই রাজ্যের জন্য সুখবর এসেছে। প্রথম দিনেই ৯১ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে রাজ্য। প্রথম দিনের শেষে বিপুল বিনিয়োগের বিষয়ে নিশ্চিত করেন মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। বাংলায় বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন মুকেশ আম্বানি, সঞ্জীব পুরী, হর্ষ নেওটিয়া, সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েনকা-সহ তাবড় তাবড় শিল্পপতিরা।












Click it and Unblock the Notifications