ZIM vs IND T20Is: টি২০ বিশ্বকাপের পর জিম্বাবোয়ে সফরে ভারত! কোথায়, কখন, কীভাবে দেখবেন খেলাগুলি?
India's Tour Of Zimbabwe: টি২০ বিশ্বকাপের পরেই ভারতীয় দল যাচ্ছে জিম্বাবোয়ে সফরে। টি২০ বিশ্বকাপে খেলা একঝাঁক তারকাকে সেই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। দেখে নেওয়া হবে তরুণ ক্রিকেটারদের।
আইপিএলে ভালো পারফরম্যান্স উপহার দেওয়া ক্রিকেটারদের সুযোগ মিলবে। ২০২৬ সালে পরবর্তী টি২০ বিশ্বকাপের জন্য ভালো মানের দল গঠনের লক্ষ্যে।

একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদনে উল্লেখ, শুভমান গিলকে এই সিরিজের অধিনায়ক করা হতে পারে। আগে জল্পনায় ছিল শ্রেয়স আইয়ারের নাম। হার্দিক পাণ্ডিয়া ও সূর্যকুমার যাদব জিম্বাবোয়ে সফরে যেতে অনিচ্ছুক। ফলে কপাল খুলতে পারে নীতীশ কুমার রেড্ডির।
সূত্রের খবর, তরুণ ক্রিকেটারদের দেখে নিতে চাইছেন নির্বাচকরা। সে কারণে ২০ জনের দল পাঠানো হতে পারে। ইতিমধ্যেই অনেক ক্রিকেটারের পাসপোর্ট ও জার্সির সাইজ সংক্রান্ত তথ্য জেনে নিয়েছেন নির্বাচকরা। হর্ষিত রানা, তুষার দেশপাণ্ডে, আবেশ খান, খলিল আহমেদরা সুযোগ পেতে পারেন।
জিম্বাবোয়ে সফরে ভারতের খেলাগুলির সব কটিই হবে হারাতে। সব ম্যাচ শুরু ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে থেকে। ৬ জুলাই প্রথম ম্যাচ। বাকি খেলাগুলি রয়েছে ৭, ১০, ১৩ ও ১৪ জুলাই।
টি২০ বিশ্বকাপের পর এটিই ভারতের প্রথম বিদেশ সফর। সেই সফর সম্প্রচার করবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। এই সফরের টেলিভিশন ও ডিজিটাল স্বত্ত্ব রয়েছে এই সংস্থার হাতেই। তরুণ ভারতীয় ক্রিকেটারদের নিয়ে গড়া দলই সফর করবে জিম্বাবোয়েতে।
সোনি স্পোর্টস নেটওয়ার্ক এইসব খেলা সরাসরি সম্প্রচার করবে ভারতের চার ভাষা ইংরেজি, হিন্দি, তামিল ও তেলুগুতে। পাঁচ ম্যাচের এই টি২০ সিরিজ দেখা যাবে সোনি স্পোর্টস টেন থ্রি (হিন্দি) এসডি ও এইচ ডি, সোনি স্পোর্টস টেন ফোর (তামিল/ তেলুগু), সোনি স্পোর্টস টেন ফাইভ এসডি ও এইচডি চ্যানেলে।
ভারত শেষবার জিম্বাবোয়ে সফরে গিয়েছিল ২০২২ সালে। সেখানে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে অংশ নিয়েছিল তারা। যার মধ্যে তিনটি ম্যাচেই জিতেছিল মেন ইন ব্লু। সিরিজের সেরা খেলোয়াড় হয়েছিলেন শুভমান গিল। উল্লেখ্য, শেষবার ভারত জিম্বাবয়ের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলেছিল ২০১৬ সালে। যার ফল হয়েছিল ভারতের পক্ষে ২-১।
ভারতের এই জিম্বাবোয়ে সফর ছাড়াও সোনি স্পোর্টস নেটওয়ার্ক আরও অনেক চিত্তাকর্ষক সিরিজ দেখাতে চলেছে। যার মধ্যে রয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের একঝাঁক ম্যাচ।












Click it and Unblock the Notifications