Yuzvendra Chahal: প্রোটিয়া সফরে ভারতীয় দলে প্রত্যাবর্তন, অভিমান ভুলে চাহাল লিখলেন ‘মন কি বাত’
Yuzvendra Chahal: ভারতীয় ক্রিকেটে আবার কুল-চা জুটির প্রত্যাবর্তন। এশিয়া কাপ, বিশ্বকাপের দলে কুলদীপ যাদব থাকলেও, ব্রাত্য ছিলেন যজুবেন্দ্র চাহাল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে মেন ইন ব্লুর স্কোয়াডে জায়গা পেয়েছেন চাহাল। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে লোকেশ রাহুলের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় এক দিনের সিরিজ় খেলবে ভারত। সেই সিরিজে প্রত্যাবর্তন ঘটতে চলেছে ভারতীয় এই তারকা স্পিনারের।
বৃহস্পতিবারই দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দল ঘোষণা করেছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। ওডিআই সিরিজের দলে সুযোগ পেয়েছেন চাহাল। বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবকে দলে রাখা হয়েছে। এক দিনের দলে সুযোগ পাওয়ায় আবার 'কুল-চা' জুটি দেখা যেতে পারে। এক দিনের দলে ফিরে চাহাল সমাজমাধ্যমে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন।

ভারতীয় দলে খেলার একটি ছবি দিয়ে চাহাল লেখেন, 'আবার শুরু হল।'সঙ্গে ব্লু হার্টের ইমোজি। চাহালের এই বিশেষ বার্তা এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
বিগত কয়েকমাসে ভারতীয় দলে সুযোগ না পাওয়ার কারণে চাহাল বর্তমানে বিজয় হাজারে ট্রফি খেলছেন। এই টুর্নামেন্টে হরিয়ানার হয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন এই তারকা স্পিনার। চাহাল সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে ৬ উইকেট নিয়েছিলেন। এরপরই নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন চাহাল। টি২০ বা টেস্টে সুযোগ না পেলেও একদিনের দলে সুযোগ পেয়েছেন।
এরআগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের দলে সুযোগ না পেয়ে একরাশ অভিমান ব্যক্ত করেছিলেন চাহাল। প্রথমে একটি হাসির ইমোজি পোস্ট করেছিলেন। এখানেই থেমে থাকেননি, ফের আরও একটি পোস্ট করেন। পরের বার দেন কিন্তু লিখিত বার্তা। কোনও হাসির ইমোজি নয়। চাহাল লিখেছেন, 'কর্মক্ষেত্রে দেখা হবে।' একইসঙ্গে তাঁর মন্তব্য 'সবাই ভাবে সবকিছু শেষ, তখন লড়াই চালিয়ে যাওয়াটাই প্রকৃত যোদ্ধার কাজ।'
অর্থ্যাত এই পোস্টের মধ্য দিয়েই চাহাল বুঝিয়ে দিয়েছেন তিনি লড়াইয়ের ময়দান ছাড়ছেন না এত সহজে। চাহালের এই পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি।চাহালের এই পোস্টে আগুনের ইমোজি দিয়ে স্বামীর পাশে দাঁড়িয়েছেন ধনশ্রী ভার্মা। অর্থ্যাত আগুনে বিতর্কে অংশ নিলেন চাহাল পত্নীও।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তাঁর সংগ্রহ ৯৬ উইকেট।২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি চাহাল। চলতি বছরে এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো দুটি মেগা ইভেন্টেই নাম উঠেনি তাঁর।












Click it and Unblock the Notifications