অস্ট্রেলিয়ায় সিরিজ হারের চেয়েও বড় ধাক্কা খেয়েছে ভারত! রোহিত ও বিরাটের পাশে দাঁড়িয়ে দাবি যুবরাজের
AUS vs IND: ইরফান পাঠান বলেই দিয়েছেন, বিরাট কোহলিকে আর টেস্ট দলে রাখা উচিত নয়। বিরাটের পাশাপাশি রোহিত শর্মার খারাপ ফর্ম দেখে সমালোচনায় সরব হয়েছেন অনেক বিশেষজ্ঞ।
যদিও এই ধারায় গা ভাসাতে রাজি নন যুবরাজ সিং। তিনি রোহিত ও বিরাটের পাশেই দাঁড়ালেন। এমনকী বর্ডার-গাভাসকর ট্রফিতে হারার চেয়েও ভারত আগে বড় ধাক্কা খেয়েছে বলে মনে করেন যুবি।

গৌতম গম্ভীর হেড কোচ হওয়ার পর ভারত বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে জিতেছিল। কিন্তু নিউজিল্যান্ডের কাছে দেশের মাটিতে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয় ভারত। অস্ট্রেলিয়া সফরে পারথে প্রথম টেস্ট জিতলেও শেষ অবধি ১-৩ ব্যবধানে হেরেই ফিরতে হয়েছে। ভারতের এই ব্যর্থতার বড় কারণ ব্যাটিং বিপর্যয়। সাত ইনিংসে ভারত দুশো ছুঁতে পারেনি।
যুবরাজ সিং বলেছেন, নিউজিল্যান্ডের কাছে দেশের মাটিতে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজ হারা আমাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফিতে পরাজয় তবু মানা যায়। কারণ, আগের দুটি সিরিজে ভারত সেখানে জিতেছে, এবার হেরেছে। তাছাড়া বিগত বহু বছর ধরে অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটের অস্ট্রেলিয়া দাপট দেখিয়েই খেলছে।
বিরাট কোহলি পারথে অপরাজিত শতরান হাঁকালেও বাকি ইনিংসগুলিতে ব্যর্থ। রোহিত শর্মা সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন। তার আগে তিন টেস্টে করেছেন ৩১ রান। এই দুই তারকা সমালোচিত হলেও তাঁদের পাশে দাঁড়িয়ে যুবরাজ বলেন, দুই গ্রেটকে নিয়ে খুবই আজেবাজে কথা বলা হচ্ছে। আগে তাঁরা যে সব কীর্তি অর্জন করেছেন সে সব অনেকেই ভুলে যাচ্ছেন!
যুবরাজের কথায়, বিরাট, রোহিত বর্তমান প্রজন্মের সেরা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন। ভালো খেলতে না পারায় হারতে হয়েছে। কিন্তু এটাও মনে রাখতে হবে, এই ব্যর্থতা আমাদের চেয়ে তাঁদেরই বেশি আঘাত করেছে। ভারতীয় দল অদূর ভবিষ্যতেই ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস যুবির। প্রাক্তন সতীর্থ তথা বর্তমানে ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের উপরও আস্থা রয়েছে তাঁর।
যুবরাজ বলেন, হেড কোচ গৌতম গম্ভীর, নির্বাচক প্রধান অজিত আগরকর, রোহিত, বিরাট, জসপ্রীত বুমরাহদের উপস্থিতিতে ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যেতে সেরা মাথারা রয়েছেন। আগামীর দিশা তাঁরাই ঠিক করবেন। রোহিত যেভাবে নিজেকে সিডনি টেস্ট থেকে সরিয়ে নেন তা খুবই বড় বিষয়। আমি আগে দেখেনি ক্যাপ্টেনের ফর্ম খারাপ বলে তিনি নিজেই সরে যাচ্ছেন।
যুবির কথায়, রোহিতের মহানতা এখানেই। ফলে জিতুন বা হারুন, রোহিত যে গ্রেট ক্যাপ্টেন তা নিয়ে কখনও কোনও সংশয়ই থাকবে না। রোহিতের অধিনায়কত্বে আমরা ওডিআই বিশ্বকাপ ফাইনাল খেলেছি। টি২০ বিশ্বকাপ জিতেছি। অনেক কিছুই অর্জন করেছি। আমি বরাবর ক্রিকেটের ছাত্র। আমার চেয়ে অনেকে বেশি খেলেছেন, মতামত দিতেই পারেন। কিন্তু আমি মনে করি, যখন কেউ খারাপ খেলেন তখন তাঁকে নিয়ে আজেবাজে বলা সহজ। কিন্তু তাঁদের সাপোর্ট করাটা কঠিন। মিডিয়াও ক্রিকেটারদের নিয়ে বাজে কথা বলতে পারে। কিন্তু আমার কাজ আমার বন্ধু, ভাইদের সাপোর্ট করা। কারণ, তাঁরা আমার পরিবারের সদস্য।












Click it and Unblock the Notifications