আইপিএলে থাকুক উত্তরপ্রদেশের ৪ দল! বিসিসিআইকে অনুরোধ যোগী আদিত্যনাথের
আইপিএলে উত্তরপ্রদেশ থেকে বর্তমানে রয়েছে একটিই দল। সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন লখনউ সুপার জায়ান্টস। যার হোম গ্রাউন্ড লখনউয়ের ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী ইকানা ক্রিকেট স্টেডিয়াম।
সেখানেই গতকাল হয়ে গেল ইউপি টি২০ লিগের তৃতীয় সংস্করণের ফাইনাল। টসের সময় হাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছিলেন বিসিসিআইয়ের বর্তমান সভাপতি রাজীব শুক্লাও।

যোগী আদিত্যনাথ বলেন, আমাদের ক্রীড়াবিদদের তাঁদের প্রতিভা মেলে ধরার মঞ্চ উত্তরপ্রদেশে হলেই ভালো হয়। বিভিন্ন ক্ষেত্রে উত্তরপ্রদেশ থেকে উঠে আসছেন আন্তর্জাতিক ক্রীড়াবিদরা। উত্তরপ্রদেশে ২৫ কোটি নাগরিকের বাস। কিন্তু আইপিএলের দল রয়েছে ১টি। আমি তাই বিসিসিআইকে অনুরোধ করব আইপিএলে এই রাজ্য থেকে চারটি দল থাকুক।
উল্লেখ্য, লখনউয়ের পাশাপাশি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামেও আন্তর্জাতিক ম্যাচ হয়। যোগী আদিত্যনাথ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে বারাণসী, অযোধ্যা ও গোরখপুরে স্টেডিয়াম হচ্ছে। এ ছাড়াও বিভিন্ন জায়গায় মিনি স্টেডিয়াম গড়েছে রাজ্য সরকার। প্রতিটি জনপদে স্টেডিয়াম তৈরির উদ্যোগও রয়েছে রাজ্যের ক্রীড়ানীতিতে।
উত্তরপ্রদেশের অনেক ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন, রয়েছেন আইপিএল দলেও। উত্তরপ্রদেশে ক্রীড়া পরিকাঠামো যেভাবে উন্নত হচ্ছে তাতে খুশি যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই তাঁর বক্তব্যের পর জল্পনা শুরু হয়েছে তাহলে কি সত্যিই উত্তরপ্রদেশের জন্য বাড়বে আইপিএলের দল?












Click it and Unblock the Notifications