ফিরে দেখা ২০২২: ভারতীয় ক্রিকেট দলের কেমন কাটল এই বছর? তিন ফরম্যাটে সেরাদের নাম জানাল বিসিসিআই
বছরের শুরুটা হয়েছিল দক্ষিণ আফ্রিকা সফরে বিধ্বস্ত হওয়া দিয়ে। যদিও বাংলাদেশে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জয় আগামী বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকে এগিয়ে দিল টিম ইন্ডিয়াকে। টি ২০ বিশ্বকাপে ব্যর্থতার পর ঝাঁকুনিও দেওয়া হয়েছে। বছরের শেষ দিনে তিন ফরম্যাটে সেরাদের নামও প্রকাশ করেছে বিসিসিআই।

ভালো যায়নি চলতি বছর
ভারতীয় দলের জন্য অবশ্য এ বছরটা খুব ভালো যায়নি। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে পরাজয়। ইংল্যান্ডে অসমাপ্ত সিরিজের শেষ টেস্টটিতেও হার। এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারা। টি ২০ বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায়। বাংলাদেশ সফরে গিয়ে একদিনের সিরিজে পরাস্ত হওয়া। সবমিলিয়ে রোহিত শর্মার অধিনায়কত্ব ও রাহুল দ্রাবিড়ের হেড কোচিংয়ে ভারতীয় দল প্রত্যাশিত সাফল্য পায়নি। আন্তর্জাতিক ক্রিকেটে জয়-পরাজয়ের অনুপাতে ভারত আইসিসির অন্যান্য পূর্ণ সদস্য দেশগুলির চেয়ে এগিয়ে থাকলেও বিদেশির মাটিতে টেস্ট সিরিজ ও আইসিসি ইভেন্টে ব্যর্থতা হতাশ করেছে সমর্থকদের।

মহিলা ক্রিকেটে
ভারতীয় মহিলা দল ৮-দলীয় ওডিআই বিশ্বকাপে পঞ্চম হয়েছে। কোনও টেস্ট খেলেনি। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার মহিলা দলের কাছে টি ২০ সিরিজে পরাস্ত হয়েছে। কোচিং স্টাফ বদল হয়েছে। ঝুলন গোস্বামী ও মিতালি রাজ অবসর নিয়েছেন। তবে এরই মধ্যে যে উল্লেখযোগ্য সাফল্যগুলি এসেছে তা হলো, কমনওয়েলথ গেমসে ঐকিহাসিক রুপো জয়। ইংল্যান্ডে গিয়ে ৩-০ ব্যবধানে ওডিআই সিরিজ জেতা, যেটি ছিল ঝুলনের বিদায়ী সিরিজ। সেই সঙ্গে মহিলা আইপিএল হওয়ার ঘোষণাও হয়েছে চলতি বছরেই, যা মার্চে অনুষ্ঠিত হবে।

জয়-পরাজয়ের হিসেব
চলতি বছর ভারতের পুরুষ দল ১৫টি টেস্ট খেলেছে, জিতেছে ৯টিতে, হার তিনটিতে, ড্র হয়েছে তিনটি টেস্ট। ওডিআই খেলেছে ১২টি, জিতেছে পাঁচটি ম্যাচে, পরাজয় ৬টিতে, পরিত্যক্ত ১টি। ২৭টি টি ২০ আন্তর্জাতিকের মধ্যে মেন ইন ব্লু জিতেছে ১৫টি ম্যাচ, পরাজয় ১১টিতে, পরিত্যক্ত ১টি ম্যাচ। মহিলাদের ক্রিকেটে ভারত ২১টি ওডিআই ম্যাচ খেলেছে, জয় ১১টিতে, পরাজয় ১০টিতে। ১৮টি টি ২০ আন্তর্জাতিকের মধ্যে জয় এসেছে ১৩টিতে, পরাজয় চারটিতে, পরিত্যক্ত ১টি ম্যাচ।

সেরা ব্যাটাররা
টেস্টে চলতি বছর ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন ঋষভ পন্থ। ৭টি ম্যাচে ৬৮০ রান করেছেন, সর্বাধিক স্কোর ১৪৬, গড় ৬১.৮১, শতরান দুটি, অর্ধশতরান ৪টি। একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান শ্রেয়স আইয়ারের। ১৭ ম্যাচে ৭২৪ রান করেছেন, সর্বাধিক অপরাজিত ১১৩, গড় ৫৫.৬৯, শতরান ১টি, অর্ধশতরান ৬টি। টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক স্কোর সূর্যকুমার যাদবের। বর্তমানে টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটার সূর্য ৩১ ম্যাচে ১১৬৪ রান করেছেন, সর্বাধিক স্কোর ১১৭, গড় ৪৬.৫৬, শতরান ২টি, অর্ধশতরান ৯টি।

কোন বোলাররা সেরা?
টি ২০ আন্তর্জাতিকে সেরা বোলার ভুবনেশ্বর কুমার। ৩২ ম্যাচে ৩৭ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৪ রানে ৫ উইকেট, গড় ১৯.৫৬, ইকনমি ৬.৯৮, স্ট্রাইক রেট ১৬.৮। ওডিআইয়ে মহম্মদ সিরাজ ১৫ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ২৯ রানে ৩ উইকেট, গড় ২৩.৫, ইকনমি ৪.৬২, স্ট্রাইক রেট ৩০.৫। টেস্টে চলতি বছর ভারতের সেরা বোলার জসপ্রীত বুমরাহ। ৫ টেস্টে ২২ উইকেট নিয়েছেন। ইনিংসে সেরা বোলিং ২৪ রানে ৫ উইকেট, ম্যাচে সেরা বোলিং ৪৭ রানে ৮ উইকেট। গড় ২০.৩১, ২ বার পাঁচ উইকেট নিয়েছেন।












Click it and Unblock the Notifications