India's Head Coach: গম্ভীর এগিয়ে জেনেও টক্কর রামনের, ভারতের হেড কোচের দৌড়ে এক বিদেশিও!
India's Head Coach: বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির সদস্যদের সামনে আজ শুধু গৌতম গম্ভীর একা নন, ইন্টারভিউ দিলেন ডব্লিউভি রামন। ভারতীয় হেড কোচ হতে চেয়ে।
কাল এই কমিটি এক বিদেশিরও ইন্টারভিউ নেবে বলে ক্রিকেটনেক্সটের প্রতিবেদনে উল্লেখ। তবে বিসিসিআই একরকম ঠিকই করে ফেলেছে গম্ভীরকে কোচ করার বিষয়ে। ফলে মনে করা হচ্ছে, প্রক্রিয়া চলছে স্রেফ নিয়মমাফিক।

বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে উল্লেখ, গৌতম গম্ভীর ভার্চুয়ালি ইন্টারভিউ দিয়েছেন তাঁর বাসভবন থেকে। ক্রিকেট অ্যাডভাইসরি কমিটিক সদস্য অশোক মালহোত্রাও যোগ দিয়েছিলেন ভার্চুয়ালি। বিসিসিআইয়ের ওই সূত্রের দাবি, রামনের প্রেজেন্টেশন ছিল যথেষ্ট মনোগ্রাহী।
রামন বাংলা, তামিলনাড়ুর দলকে কোচিং করিয়েছেন। বাংলা দলের ব্যাটিং পরামর্শদাতার ভূমিকাও পালন করেছেন গত মরশুমেও। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব দলের সহকারী কোচ ছিলেন। ২০১৫ সালে তাঁকে এনসিএ-র ব্যাটিং কোচ করা হয়। ২০১৮ সালে ভারতের মহিলা দলের কোচও হয়েছিলেন রামন।
ফলে কোচ হিসেবে গম্ভীরের থেকে অভিজ্ঞতায় এগিয়ে রামন। ইন্টারভিউয়ে তিনি বিস্তারিতভাবে বিভিন্ন দিক তুলে ধরেছেন ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির কাছে। বিসিসিআইয়ের ওই সূত্রের কথাতেই ইঙ্গিত মিলেছে, রামনের প্রেজেন্টেশন গম্ভীরের চেয়েও ভালো হয়েছে। কিন্তু গম্ভীরেরই কোচ হওয়া পাকা। আরও জানা যাচ্ছে, সাপোর্ট স্টাফ নিয়োগের ক্ষেত্রেও গম্ভীরের মতামতকেই প্রাধান্য দিতে পারে বিসিসিআই।
বিসিসিআই এখনও অবধি সরকারিভাবে জানায়নি কারা ভারতের হেড কোচ হতে চেয়ে আবেদন করেছেন। গম্ভীরের নামই শোনা যাচ্ছিল। তবে আজ প্রকাশ্যে এলো রামনের কথা। বিসিসিআই সচিব জয় শাহ দেশীয় কোচের পক্ষে সওয়াল করেছিলেন। তবু কাল এক বিদেশির ইন্টারভিউ হওয়ার কথা।
ইন্টারভিউ পর্বের পর আনুষ্ঠানিকভাবে বিসিসিআইয়ের কাছে সুপারিশ পাঠাবে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি। তারপর সাড়ে তিন বছরের নতুন কোচ নিয়োগ করার কথা ঘোষণা করবে বিসিসিআই। এদিকে, উত্তরাঞ্চল থেকে এক নির্বাচক রাখা হবে ভারতের নির্বাচকমণ্ডলীতে। এই মুহূর্তে অজিত আগরকরের সঙ্গে সলিল আঙ্কোলা রয়েছেন পশ্চিমাঞ্চল থেকে।
এমনিতে এমন নিয়ম নেই যে, কোনও অঞ্চল থেকে একাধিক নির্বাচক থাকতে পারবেন না। তবু বিসিসিআই সব অঞ্চলের প্রতিনিধি রাখতে চাইছে। উত্তরাঞ্চল থেকে কোচ হতে আবেদন করেছেন কিষাণ মোহন, নিখিল চোপড়া, মিঠুন মানহাস, রীতিন্দার সিং সোধি। জানা যাচ্ছে, সোধি আর মানহাসের মধ্যেই মূল লড়াই হতে চলেছে।












Click it and Unblock the Notifications