WTC Final 2023: আইপিএলে থাকলেও বিশ্বমানের ইভেন্টে নেই! রোহিত কোন দিকে আঙুল তুললেন?
WTC Final 2023: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুবার উঠে দুবারই পরাজয়। স্বাভাবিকভাবেই হতাশ ভারত অধিনায়ক রোহিত শর্মা। আজ অস্ট্রেলিয়ার কাছে ওভালে পরাজয় ২০৯ রানে।
এর আগে, বিরাট কোহলির নেতৃত্বে সাউদাম্পটনে হেরেছিল ভারত, নিউজিল্যান্ডের কাছে। বিগত চার বছর টেস্টে ভালো খেলেও খেতাব জিততে না পারার আক্ষেপ রোহিত শর্মার গলায়।

ভারতের দ্বিতীয় ইনিংসে শুভমান গিলের আউট ঘিরে বিতর্ক রয়েছে। ক্যামেরন গ্রিন ক্লিন ক্যাচ ধরেছিলেন কিনা তা নিয়ে চাপানউতোর চলছে। রোহিত শর্মা সেই প্রসঙ্গে বলেন, আমি হতাশ। তৃতীয় আম্পায়ারের আরও রিপ্লে দেখা উচিত ছিল। তিন-চারবার দেখেই তিনি নিশ্চিত হয়ে গিয়েছেন। আউট বা নট আউট বড় কথা নয়। সব কিছু স্বচ্ছভাবে উপস্থাপিত হওয়া প্রয়োজন।

রোহিত মনে করেন, শুধু ক্যাচ নয়। আরও অনেক কিছুর ক্ষেত্রে এমনটা হতে পারে। তাই সিদ্ধান্ত দ্রুত নেওয়া উচিত নয়। এ ক্ষেত্রে তেমনটাই হয়েছে বলে দাবি ভারত অধিনায়কের। তাঁর কথায়, এটা ফাইনাল। ফলে ক্যাচ সঠিকভাবে তালুবন্দি হয়েছে কিনা সে বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত হওয়া উচিত। আমরা সেই সময় গুরুত্বপূর্ণ পর্যায়ে ছিলাম। সেই নিরিখে যা হয়েছে তাতে আমি হতাশ।
রোহিতের কথায়,ক্যামেরার আরও অনেক অ্যাঙ্গেল থেকে দেখে যাতে তৃতীয় আম্পায়ার নিশ্চিত হতে পারেন সেই ব্যবস্থা থাকা উচিত। এক বা দুটি অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে। আইপিএলেই অনেক বেশি, প্রায় ১০টি ক্যামেরা অ্যাঙ্গেল থাকে। বিশ্বমানের এই ইভেন্টে কেন তা নেই, আমি জানি না। আল্ট্রা মোশন বা কোনও ছবি জুম করার ব্যবস্থাপনা ছিল না, যা হতাশাজনক।

একটি টেস্ট দিয়েই WTC-র বিজয়ী নির্ধারণ করা উচিত নয় বলে উপলব্ধি ভারত অধিনায়কের। তিনি বলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল তিন টেস্টের সিরিজ হওয়া উচিত। আমরা কঠোর পরিশ্রম করেছি, লড়াই চালিয়েছি, কিন্তু শেষে একটাই ম্যাচ। পরবর্তী চক্রে তিনটি টেস্টের ফাইনালই হতে পারে আদর্শ, মত রোহিতের।
টেস্টের প্রথম সেশনের পর বোলিংয়ে কিছু রান সহজেই দিয়ে ফেলা ম্যাচে ভারতের কাজ কঠিন করে দিয়েছে বলে মনে করছেন রোহিত। কৃতিত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার ব্যাটারদের। প্রথম ইনিংসে প্রত্যাশিত মানের বোলিং হয়নি বলেও মনে করছেন হিটম্যান। যদিও দ্বিতীয় ইনিংসের বোলিংয়ে তিনি কিছুটা হলেও সন্তুষ্ট।

ব্যাটিংয়ে অজিঙ্ক রাহানে ও শার্দুল ঠাকুরের পার্টনারশিপের প্রশংসা করেছেন ভারত অধিনায়ক। পিচ পাঁচদিন যে আচরণ করেছে তা নিয়েও কোনও অভিযোগ নেই। তবে ব্যাটিংয়ের সময় পিচ ভালো থাকার সুযোগ দল কাজে লাগাতে না পারায় হতাশ রোহিত। পরের সংস্করণেও দল ভালো খেলবে বলে আশাবাদী রোহিত।












Click it and Unblock the Notifications