WPL শুরু ৯ জানুয়ারি, নিলামে প্রথম সেটে সবচেয়ে বেশি দর দীপ্তির, উলভার্টকে নিল সৌরভের দিল্লি
মহিলাদের প্রিমিয়ার লিগ শুরু হবে ৯ জানুয়ারি থেকে। ফাইনাল ফেব্রুয়ারির ৫ তারিখ। অর্থাৎ, পুরুষদের টি২০ বিশ্বকাপ শুরুর ২ দিন আগেই শেষ হবে এবারের WPL।
এই টুর্নামেন্টের চতুর্থ সংস্করণের খেলাগুলি হবে নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম ও ভদোদরায়। আজ দিল্লিতে চলছে মেগা অকশন।

প্রথম সেট ছিল মার্কি প্লেয়ারদের। সেখানে সবচেয়ে বেশি দর পেয়ে ইউপি ওয়ারিয়রজেই থেকে গেলেন দীপ্তি শর্মা। দীপ্তির উত্থান বাংলা থেকেই। বর্তমানে তিনি উত্তরপ্রদেশের হয়ে খেলেন। ভারতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডারকে নিতে ঝাঁপিয়েছিল দিল্লি ক্যাপিটালস। যদিও দিল্লি শেষ অবধি ৩.২ কোটি টাকা দর দেওয়ার পর রাইট-টু-ম্যাচ কার্ড ব্যবহার করে দীপ্তিকে ফেরাল ইউপি ওয়ারিয়রজ।
এখনও অবধি তাৎপর্যপূর্ণ হলো এই সেটের প্রথম নাম অ্যালিসা হিলির আনসোল্ড থাকা। চলতি বছরের ডব্লিউপিএলে মানসিক স্বাস্থ্যের কারণে না খেলা নিউজিল্যান্ডের সোফি ডিভাইনকে নিতে চেষ্টা করেছিল দিল্লি ক্যাপিটালস। যদিও শেষ অবধি দিল্লি সরে দাঁড়ানোয় ২ কোটি টাকায় ডিভাইনকে নেয় গুজরাত জায়ান্টস। দিল্লি ক্যাপিটালসকে পিছনে ফেলে ১.৯ কোটি টাকায় ইউপি ওয়ারিয়রজ নিয়েছে মেগ ল্যানিংকে, যিনি চলতি মহিলাদের বিগ ব্যাশ লিগেও দারুণ ফর্মে আছেন।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২ বার ডব্লিউপিএল খেতাবজয়ী অ্যামেলিয়া কের ২০২৩ সালে চুক্তিবদ্ধ হয়েছিলেন ১ কোটি টাকায়। এবার ইউপি ওয়ারিয়রজকে টেক্কা দিয়ে ৩ কোটি টাকায় তাঁকে ফেরাল মুম্বই। রেণুকা সিংকে ৬০ লক্ষ টাকায় নিয়েছে গুজরাত, ইউপিকে টেক্কা দিয়েই।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্টের বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকার। তিনি ডব্লিউপিএলের প্রথম তিন মরশুম ছিলেন গুজরাত জায়ান্টসে। এবারের নিলামে তাঁকে নিতে প্রথম আগ্রহ দেখায় আরসিবি। যদিও শেষ অবধি ১.১ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। সোফি এক্লেস্টোনের জন্য ৮৫ লক্ষ টাকা দর দিয়েছিল দিল্লি। সেই অর্থেই তাঁকে ধরে রাখতে রাজি হয় ইউপি ওয়ারিয়রজ।












Click it and Unblock the Notifications