WPL 2025: মুনির অপরাজিত ৯৬ রানে নজির, ইউপি ওয়ারিয়রজকে ৮১ রানে হারিয়ে দুইয়ে গুজরাত জায়ান্টস
WPL 2025: ডব্লিউপিএলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো অ্যাশ গার্ডনারের নেতৃত্বাধীন গুজরাত জায়ান্টস। আজ লখনউয়ে তারা ৮১ রানে হারাল ইউপি ওয়ারিয়রজকে।
এদিনের ম্যাচে অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলে নজির গড়লেন উইকেটকিপার-ব্যাটার বেথ মুনি। ঘরের মাঠে লজ্জা বাড়ল দীপ্তি শর্মার নেতৃত্বাধীন ইউপির।

আজ ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল ইউপি ওয়ারিয়রজ। ২০ ওভারে পাঁচ উইকেট হারিে ১৮৬ রান তোলে গুজরাত। ১৭টি চারের সাহায্যে ৫৯ বলে ৯৬ রানে অপরাজিত থাকেন ওপেনার বেথ মুনি।
ডব্লিউপিএলের ইতিহাসে এটি ব্যক্তিগত দ্বিতীয় যুগ্ম সর্বাধিক রান। ২০২৩ সালে মুম্বইয়ের ব্র্যাবোর্নে ইউপির হয়ে আরসিবির বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ৯৬ করেছিলেন অ্যালিসা হিলি। ১৮টি চার ও একটি ছয়ের সাহায্যে। তাঁর রেকর্ড ভেঙে ব্যক্তিগত সর্বাধিক রানের নজিরটি নিজের দখলে নেন সোফি ডিভাইন।
আরসিবির হয়ে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে সোফি ৩৬ বলে ৯৯ রান করেছিলেন। ৯টি চার ও আটটি ছয়ের সাহায্যে। আজ তিন রানের জন্য সোফির কীর্তি স্পর্শ করতে পারেননি মুনি। এর আগে গত বছর মুনি ৫১ বলে অপরাজিত ৮৫ করেছিলেন আরসিবির বিরুদ্ধে।
হারলিন দেওল ৩২ বলে ৪৫ রান করেন। ডিয়ান্ড্রা ডটিন ৮ বলে ১৭ এবং অ্যাশ গার্ডনার ১০ বলে ১১ রান করেন। সোফি এক্লেস্টোন ২টি এবং চিনেল হেনরি, দীপ্তি শর্মা ও ক্রান্তি গৌড় একটি করে উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে ১৭.১ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায় ইউপি ওয়ারিয়রজ। হেনরি সর্বাধিক ২৮ রান করেছেন। গ্রেস হ্যারিস করেন ২৫। কাশ্বী গৌতম ৩ ওভারে ১১ ও তনুজা কানওয়ার ৩.১ ওভারে ১৭ রান খরচ করে তিনটি করে উইকেট নেন। ডটিন ২টি এবং মেঘনা সিং ও গার্ডনার ১টি করে উইকেট পান।
এই জয়ের ফলে গুজরাত ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছে গেল। নেট রান রেট ০.৩৫৭। ইউপি পয়েন্ট তালিকায় সকলের নীচে। ৬ ম্যাচে ৪ পয়েন্ট রয়েছে তাদের, নেট রান রেট মাইনাস (-) ০.৭৮৬।












Click it and Unblock the Notifications