WPL 2025: ডব্লিউপিএলে রুদ্ধশ্বাস জয় দিল্লি ক্যাপিটালসের, টানা ২ ম্যাচে পরাস্ত ইউপি ওয়ারিয়রজ
WPL 2025: ডব্লিউপিএলে ফের জয়ের সরণিতে ফিরল দিল্লি ক্যাপিটালস। নিজেদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারালেও দ্বিতীয় ম্যাচে আরসিবির কাছে পরাস্ত হয়েছিল মেগ ল্যানিংয়ের দল।
আজ ভদোদরায় কোটাম্বি স্টেডিয়ামে ১ বল বাকি থাকতে ক্যাপিটালস ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল। যার ফলে দীপ্তি শর্মার নেতৃত্বাধীন ইউপি ওয়ারিয়রজ টানা দ্বিতীয় ম্যাচে পরাস্ত হলো।

এদিন টস জিতে ইউপি ওয়ারিয়রজকে ব্যাট করতে পাঠিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ইউপি তোলে ৭ উইকেটে ১৬৬ রান। ওপেনার কিরণ নবগীরে ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৭ বলে সর্বাধিক ৬১ রান করেন। শ্বেতা শেরাওয়াত ৩৩ বলে ৩৭ করেন।
চিনেল হেনরি ১৫ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন, তিনটি করে ছয় ও চার মেরে। দীপ্তি তিনে নেমে ৭ বলে ৭ রানের বেশি করতে পারেননি। তাহলিয়া ম্যাকগ্রা আউট হন ৬ বলে ১ রান করে। অ্যানাবেল সাদারল্যান্ড ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন।
মারিজান কাপ ৪ ওভারে ৩০, জেস জোনাসেন ৪ ওভারে ২১, অরুন্ধতী রেড্ডি ৩ ওভারে ২৬ ও মিন্নু মনি ২ ওভারে ১৬ রান দিয়ে একটি করে উইকেট নেন। জবাবে খেলতে নেমে ১৯.৫ ওভারে তিন উইকেট হারিয়ে টার্গেটে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস।
অধিনায়ক মেগ ল্যানিং ওপেন করতে নেমে ১২টি চারের সাহায্যে ৪৯ বলে ৬৯ রান করেন। অ্যানাবেল সাদারল্যান্ড ৩৫ বলে ৪১ ও মারিজান কাপ ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। ওপেন করতে নেমে শেফালি ভার্মার অবদান ১৬ বলে ২৬। তিনটি চার ও একটি ছয় মেরেছেন। জেমাইমা রডরিগেজ ২ বলে শূন্য করে সাজঘরে ফেরেন।
সোফি এক্লেস্টোন ৪ ওভারে ৩১, দীপ্তি শর্মা ৪ ওভারে ২৭ ও গ্রেস হ্যারিস ২ ওভারে ১১ রান দিয়ে একটি করে উইকেট পেয়েছেন। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এলো দিল্লি ক্যাপিটালস। নেট রান রেট মাইনাস (-) ০.৫৪৪। ইউপি পয়েন্ট তালিকায় সকলের নীচে।












Click it and Unblock the Notifications