WPL 2024: কোহলিকে টেক্কা মান্ধানার! প্রথমবার ফাইনাল খেলেই WPL চ্যাম্পিয়ন আরসিবি, ফের ভরাডুবি দিল্লির
WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগের ফাইনালে যেন গতবারেরই পুনরাবৃত্তি। পরপর দুই বছর লিগশীর্ষে থেকে ফাইনালে পৌঁছেও খেতাব অধরা দিল্লি ক্যাপিটালসের কাছে।
অন্যদিকে, বিরাট কোহলি, ফাফ দু প্লেসিরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আইপিএল খেতাব জেতাতে না পারলেও, প্রথমবার WPL ফাইনালে উঠেই বাজিমাত আরসিবির মহিলা দলের।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার- অধিনায়ক মেগ ল্যানিং ও শেফালি ভার্মা। ৭ ওভারে স্কোর ছিল বিনা উইকেটে ৬৪। অষ্টম ওভারের প্রথম, তৃতীয় ও চতুর্থ বলে তিন উইকেট তুলে নিয়ে প্রথমে ধাক্কা দেন সোফি মলিনিউক্স।
৬৪ রানেই পড়ে তিন উইকেট। ৭৪ রানে চতুর্থ, ৮০ রানে পঞ্চম, ৮১ রানে ষষ্ঠ, ৮৭ রানে সপ্তম উইকেটের পতন ঘটে। অবশেষে ১৮.৩ ওভারে ১১৩ রানেই গুটিয়ে যায় দিল্লি ক্যাপিটালস। শেফালি ভার্মা ৪৪, ল্যানিং ২৩, রাধা যাদব ১২ ও অরুন্ধতী রেড্ডি ১০ রানে আউট হন। বাকিরা কেউ ২ অঙ্কের রান পাননি।
শ্রেয়াঙ্কা পাতিল ৩.৩ ওভারে ১২ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়ে টুর্নামেন্টে সর্বাধিক উইকেটশিকারী হিসেবে বেগুনি টুপির দখল নেন। মলিনিউক্স ৪ ওভারে ২০ রানে তিনটি এবং আশা শোভনা ৩ ওভারে ১৪ রান খরচ করে ২টি উইকেট পেয়েছেন।
দিল্লি ক্যাপিটালসের ওপেনিং জুটি ভাঙে ৮.১ ওভারে ৪৯ রানে। সোফি ডিভাইন পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৭ বলে ৩২ রান করেন। ৩৯ বলে ৩১ রান করে স্মৃতি মান্ধানা আউট হলে আরসিবির স্কোর দাঁড়ায় ১৫ ওভারে ২ উইকেটে ৮২। আরসিবি শেষ অবধি ৮ উইকেটে জয় ছিনিয়ে নিল ৩ বল বাকি থাকতেই।
টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী এলিস পেরি চারটি চারের সাহায্যে ৩৭ বলে ৩৫ রান করে অপরাজিত থাকলেন। চার মেরে আরসিবিকে চ্যাম্পিয়ন করানো শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ ১৪ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। শিখা পাণ্ডে ও মিন্নু মণি একটি করে উইকেট পান।
গত বছরের WPL ফাইনালেও লিগশীর্ষে থেকে ফাইনালে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩১ রান তুলেছিল ল্যানিংয়ের নেতৃত্বাধীন ক্যাপিটালস। যদিও হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স ৩ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয়। এবার হরমনপ্রীতদের হারিয়ে ফাইনালে উঠেছিল স্মৃতি মান্ধানার আরসিবি। প্রথমবার ফাইনাল খেলে তারাই চ্যাম্পিয়ন।












Click it and Unblock the Notifications