WPL 2024: শাহরুখ জানালেন WPL-এ কলকাতার দল না থাকার কারণ, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট
WPL 2024: আজ থেকে বেঙ্গালুরুতে শুরু হয়ে গেল মহিলাদের প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ। WPL-এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের আগে ছিল বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। মিনিট ৪৫ ধরে চলা এই অনুষ্ঠানে ছিল আতসবাজির প্রদর্শনীও।

ডব্লিউপিএলের থিম সং বাজানো হলো উদ্বোধনী অনুষ্ঠানে। WPL-কে চিহ্নিত করা হয়েছে ক্রিকেটের Queendom হিসেবে। নপ্রিয় গানের তালে নৃত্য পরিবেশন করলেন বলিউডের তারকারা। পাঁচজন পাঁচটি দলের প্রতিনিধিত্ব করে আসর জমালেন। সবশেষে পারফর্ম করার পাশাপাশি অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকাতেও মাতিয়ে দিলেন শাহরুখ খান।
কার্তিক আরিয়ান পারফর্ম করলেন সকলের আগে। তিনি মঞ্চে এলেন গুজরাত জায়ান্টসের হয়ে। ভুলভুলাইয়া-সহ বেশ কয়েকটি হিট গানের তালে নাচতে দেখা গেল কার্তিককে। সিদ্ধার্থ মালহোত্রা ছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তিনি মঞ্চে ওঠার আগে ক্যাপিটালসের ডাগআউটে ম্যাসকট, ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের সঙ্গে মিলিত হলেন। বলিউডের গানের তালেই মাতিয়ে দিলেন সকলকে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মঞ্চে পারফর্ম করলেন টাইগার শ্রফ। হিরোপন্তির নায়কের সাদা-কালো পোশাক ছিল নজরকাড়া। পারফরম্যান্স দেখে মুগ্ধ হলেন ক্রিকেটাররাও। বরুণ ধাওয়ান মঞ্চে এলেন ইউপি ওয়ারিয়রজের হয়ে। বেজে উঠল অরিজিৎ সিংয়ের গাওয়া তু মেরা কোই না হোকে ভি কুছ লাগে। এমনই আরও বেশ কয়েকটি গানে পারফর্ম করলেন বরুণ।
সকলের শেষে শাহিদ কাপুর। তাঁর এন্ট্রি বাইক চালিয়ে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিনি মঞ্চে এলেন। তিনিও বাকি নায়কদের মতোই বলিউডের হিট গানে কোমর দোলালেন। কয়েকটি গল্ফ কার্টকে সাজিয়ে রথ বানানো হয়েছিল। শাহরুখ খান মঞ্চে এলেন তারই একটিতে।
দেশে-বিদেশে নারীরা যেভাবে উচ্চ পদে বিরাজমান, নারী ক্ষমতায়ন সুনিশ্চিত হয়েছে সেই কথা উঠে এলো শাহরুখের কথায়। ডব্লিউপিএল নারীশক্তিরই জয়গান, বার্তা কিং খানের।তিনি বলেন, যদি সব ক্ষেত্রে নারীরা এগিয়ে যেতে পারেন তাহলে খেলায় কেন নয়? সে কারণেঅ বোর্ড সচিব জয় শাহের নেতৃত্বে WPL শুরুর ভাবনা।
শাহরুখ খান এরপরই মাতিয়ে দিলেন পাঠান ছবির সংলাপ আর ঝুমে যো পাঠান গানের তালে। ছিল রামাইয়া ভাস্তাভাইয়াও। নিজের অনুষ্ঠানের শেষে একে একে পাঁচ দলের অধিনায়ককে মঞ্চে ডেকে নেন শাহরুখ। প্রথমে মঞ্চে ডেকে নেওয়া হয় দিল্লি ক্যাপিটালস অধিনায়ক মেগ ল্যানিংকে।
এরপর আসেন গুজরাত জায়ান্টসের অধিনায়ক বেথ মুনি। আরসিবির অধিনায়ক স্মৃতি মান্ধানা, ইউপি ওয়ারিয়রজ অধিনায়ক মেগ ল্যানিং মঞ্চে এলেন সুসজ্জিত রথে চড়েই। সবশেষে কাপ নিয়ে মঞ্চে পৌঁছন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হরমনপ্রীত কৌর।
শাহরুখ খান মজা করে বলেন, অনেকে জানতে চান আমার কেন ডব্লিউপিএলে দল নেই? সেটা থাকলে আমি ১১ বা ২২ জনকে ভালোবাসতে পারতাম। কিন্তু এখানে আমারই পাঁচটি দল, ৫০-এর বেশি ক্রিকেটারই আমার। পাঁচ দলের অধিনায়ককে ডান্সিং স্টেপ শেখাতেও দেখা গেল কিং খানকে। অবশ্যই কিং খান স্টাইলে।
ডব্লিউপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি, বোর্ড সচিব জয় শাহ, সহ সভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ আশিস শেলার, যুগ্ম সচিব দেবজিৎ শইকীয়া, আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমল। ডব্লিউপিএল চলবে মার্চের ১৭ তারিখ অবধি। বেঙ্গালুরু ও দিল্লিতে খেলাগুলি হবে।












Click it and Unblock the Notifications