ওয়াইড ও নো বলের ক্ষেত্রেও ডিআরএস! মহিলাদের প্রিমিয়ার লিগের পর নয়া নিয়ম জারি আইপিএলেও
আম্পায়ারদের নো বল ও ওয়াইড ডেলিভারির সিদ্ধান্ত রিভিউ করতে পারবেন ক্রিকেটাররা। মহিলাদের প্রিমিয়ার লিগে এই ব্যবস্থা চালুর পর তা জারি থাকবে আইপিএলেও।
মহিলাদের প্রিমিয়ার লিগের হাত ধরেই এলো ডিআরএস সংক্রান্ত বৈপ্লবিক পদক্ষেপ। উইমেন্স প্রিমিয়ার লিগের পর যে নিয়ম চালু থাকবে আইপিএলেও। এবার আম্পায়ারের ওয়াইড বা নো বলের সিদ্ধান্তের ক্ষেত্রেও রিভিউ করার পথে হাঁটতে পারেন ক্রিকেটাররা। আউট বা নট আউটের সিদ্ধান্তে নির্দিষ্ট সময়ের মধ্যে রিভিউ নেওয়া যায়। এবার তার ব্যাপ্তি বাড়ল।

মহিলাদের প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের জন্য যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে উল্লেখ রয়েছে, লেগ বাইয়ের সিদ্ধান্তে রিভিউ নেওয়া যাবে না। ওয়াইড ও নো বলের ক্ষেত্রে প্রতিটি দল প্রতি ইনিংসে সর্বাধিক দুবার রিভিউ নিতে পারবে। প্রথম ম্যাচ থেকেই মহিলাদের প্রিমিয়ার লিগে এই নিয়মের সুবিধা নিচ্ছেন ক্রিকেটাররা। মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত জায়ান্টসের মধ্যে উদ্বোধনী ম্য়াচে অন-ফিল্ড আম্পায়ার সাইকা ইশাকের একটি লেগ সাইডের বল ওয়াইড দিয়েছিলেন। মুম্বই এই সিদ্ধান্তটিকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেয়। দেখা যায় বল মনিকা প্যাটেলের গ্লাভে লেগেছে। সেক্ষেত্রে ওয়াইডের সিদ্ধান্ত বদলাতে হয়।
আজ দিল্লি ক্যাপিটালসের জেমাইমা রডরিগেজ এই রিভিউ নেন। মেগান শুটের ফুল টস বলে তিনি চার মারেন, কিন্তু দেখেন উচ্চতার জন্য আম্পায়ার সেটিকে নো বল হিসেবে চিহ্নিত করেননি। রডরিগেজ ডিআরএসের দ্বারস্থ হন। তবে এই সিদ্ধান্ত অবশ্য বদলাতে হয়নি আম্পায়ারদের। রিপ্লে ও বল ট্র্যাকিংয়ে দেখা যায় বলটি কোনওভাবেই উচ্চতার নিরিখে নো বল হতে পারে না। টি ২০ ক্রিকেটে ওয়াইড ও নো বলের ক্ষেত্রে ডিআরএস রাখার সিদ্ধান্তকে অবশ্য গত বছর সমর্থন করেননি আইসিসির এলিট প্যানেলের প্রাক্তন আম্পায়ার সাইমন টফেল।
উচ্চতার কারণে নো বল নিয়ে বিতর্ক এর আগে হয়েছে আইপিএলে। ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে উত্তেজিত হয়ে মাঠে পর্যন্ত নেমে পড়েছিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বেন স্টোকস হাই ফুল টস বল করতে নো ডাকেন আম্পায়ার উল্লাস গান্ধে। তবে স্কোয়্যার লেগ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড তা বাতিল করেন। এরপর মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। রবীন্দ্র জাদেজা ও মিচেল স্যান্টনার অসন্তোষ প্রকাশ করেন। ধোনি মাঠে ঢুকে কথা বলেন আম্পায়ারদের সঙ্গে। গত বছরও তেমন ঘটনা ঘটে। রভম্যান পাওয়েলকে ফুল টস বল করেছিলেন ওবেদ ম্যাককয়। তিনি ছক্কা মেরে আম্পায়ারদের দিকে তাকান, কিন্তু উচ্চতার কারণে নো বল ডাকা হয়নি। এরপর ব্যাটাররা আম্পায়ারদের সঙ্গে কথা বলছিলেন। তখন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ প্লেয়ারদের মাঠ ছেড়ে চলে আসতে বলেন। সহকারী কোচ প্রবীণ আমরে মাঠে প্রবেশ করে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে যান। এবার নো ও ওয়াইড বলের রিভিউয়ে এ ধরনের সমস্যা কাটবে কিনা তা বলবে সময়ই।












Click it and Unblock the Notifications