Women's T20 World Cup 2024: মহিলাদের টি২০ বিশ্বকাপের সূচি ঘোষিত, ভারত-পাকিস্তান দ্বৈরথ কবে?
Women's T20 World Cup 2024: জুনে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে পুরুষদের টি২০ বিশ্বকাপ। আর অক্টোবরে মহিলাদের টি২০ বিশ্বকাপের আসর বসছে বাংলাদেশে।
আজই সূচি ঘোষণা করল আইসিসি। অক্টোবরের ৩ তারিখ শুরু হয়ে বিশ্বকাপ চলবে ২০ তারিখ অবধি।

মহিলাদের টি২০ বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। ২৩টি ম্যাচ হবে ১৮ দিনের মধ্যে। ঢাকার শের-এ-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি খেলা হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। ভারত-পাকিস্তান দ্বৈরথ হবে সিলেটে, অক্টোবরের ৬ তারিখ।
আজ সূচি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান, আইসিসির সিইএ জিওফ অ্যালার্ডিস, ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর ও বাংলাদেশের অধিনায়ক নিগর সুলতানা। সূচি প্রকাশের আগে হরমনপ্রীত ও নিগরের সঙ্গে নিজের বাসভবনে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বকাপের সাফল্য কামনায় শুভেচ্ছাও জানান।
The Hon’ble Prime Minister of Bangladesh Sheikh Hasina with Bangladesh captain Nigar Sultana and India captain Harmanpreet Kaur at the fixtures launch of the ICC Women's #T20WorldCup 2024 📸 pic.twitter.com/5tbCN8UFHC
— ICC (@ICC) May 5, 2024
দুটি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। ৬ বারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার সঙ্গে গ্রুপ এ-তে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও কোয়ালিফায়ার-১। গ্রুপ বি-তে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার-২। গ্রুপ এ-র খেলাগুলি হবে সিলেটে, বি গ্রুপের ম্যাচগুলি হবে ঢাকায়।
বিশ্বকাপের প্রথম দিন বাংলাদেশ খেলবে কোয়ালিফায়ার ২-এর বিরুদ্ধে। যদিও এটি উদ্বোধনী ম্যাচ নয়। মহিলাদের টি২০ বিশ্বকাপ শুরু হবে গতবারের রানার-আপ দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচ দিয়ে। অস্ট্রেলিয়া ৪ অক্টোবর সিলেটে কোয়ালিফায়ার ১-এর বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে।
গ্রুপ এ ও গ্রুপ বি থেকে প্রথম দুটি করে দল পৌঁছবে সেমিফাইনালে। ১৭ অক্টোবর সিলেটে ও ১৮ অক্টোবর ঢাকায় হবে দুটি সেমিফাইনাল। ২০ অক্টোবর ঢাকাতেই হবে ফাইনাল। এই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলাগুলি চলছে আবু ধাবিতে। ৭ মে ফাইনাল। সেমিফাইনালের ফলাফলেই স্পষ্ট হবে কোন দুটি দল বিশ্বকাপ খেলার ছা়ড়পত্র পাচ্ছে।
মহিলাদের টি২০ বিশ্বকাপের আগে ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ১০টি প্রস্তুতি ম্যাচেরও বন্দোবস্ত করা হয়েছে। সেগুলি হবে ঢাকার বিকেএসপিতে। ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, বাংলাদেশে টি২০ বিশ্বকাপ হচ্ছে, রোমাঞ্চ অনুভব করছি। যেভাবে বিশ্বব্যাপী মহিলাদের ক্রিকেটের উন্নতি ঘটছে, বিশেষ করে বিশ্বকাপের তা অভাবনীয়। এই বিশ্বকাপের হাই এনার্জি ক্রিকেট ক্রিকেটবিশ্ব উপভোগ করবে বলে আশা রাখি।
টি২০ বিশ্বকাপে হরমনপ্রীতদের প্রথম ম্যাচ অক্টোবরের ৪ তারিখ সিলেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ৬ তারিখ পাকিস্তান ম্যাচ। ৯ অক্টোবর ভারতের প্রতিপক্ষ কোয়ালিফায়ার ১। ১৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের।












Click it and Unblock the Notifications