Women's ODI World Cup 2025: মহিলাদের ওডিআই বিশ্বকাপ শুরু সেপ্টেম্বরে, ফাইনাল হবে কোথায়?
Women's ODI World Cup 2025: বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকেই জানা গিয়েছিল ইডেন মহিলাদের ওডিআই বিশ্বকাপের ম্যাচ পাবে না। তবে টি২০ বিশ্বকাপের কিছু ম্য়াচ পাবে।
চলতি বছরের সেপ্টেম্বরেই মহিলাদের ওডিআই বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে বলে উল্লেখ ক্রিকইনফোর প্রতিবেদনে। চলবে অক্টোবর অবধি।

বিসিসিআই সূত্রে জানা যাচ্ছে, অক্টোবরের ২৬ তারিখ মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে মহিলাদের বিশ্বকাপের ফাইনাল। টুর্নামেন্ট শুরু হতে পারে ২৯ সেপ্টেম্বর থেকে। অংশ নেবে ৮টি দেশ।
মুল্লানপুরের পাশাপাশি বিশাখাপত্তনম, তিরুবনন্তপুরম, রায়পুর ও ইন্দোরেও হবে মহিলাদের বিশ্বকাপের ম্য়াচগুলি। এর মধ্যে মুল্লানপুর, তিরুবনন্তপুরম ও রায়পুরে আজ অবধি মহিলাদের কোনও আন্তর্জাতিক ম্যাচ হয়নি। ইন্দোরে এখন খেলা হয় হোলকার স্টেডিয়ামে। সেখানকার নেহরু স্টেডিয়ামে মহিলাদের ২টি ওডিআই হয়েছিল, তার মধ্যে একটি ১৯৯৭ সালের বিশ্বকাপে।
এবার হোলকার স্টেডিয়ামে হবে মহিলাদের বিশ্বকাপের ম্যাচ। বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে মহিলাদের ৬টি টি২০ আন্তর্জাতিক ও পাঁচটি ওডিআই হয়েছে। যদিও মহিলাদের শেষ ওডিআই এখানে হয়েছে ২০১৪ সালে।
ভারতের পাশাপাশি মহিলাদের ওডিআই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বাকি দুটি দল নির্ধারিত হবে লাহোরে অনুষ্ঠেয় যোগ্যতা অর্জন পর্ব থেকে। ৯ এপ্রিল থেকে তা শুরু।
পাকিস্তান যদি মহিলাদের ওডিআই বিশ্বকাপে খেলার ছাড়পত্র পায় তাহলে তা হবে হাইব্রিড মডেলে। সংযুক্ত আরব আমিরশাহী বা শ্রীলঙ্কায় হবে পাকিস্তানের খেলাগুলি। এই নিয়ে চতুর্থবার ভারত মহিলাদের ওডিআই বিশ্বকাপ আয়োজন করছে। ২০১৩ সালের পর এই প্রথম।
ভারতে মহিলাদের টি২০ বিশ্বকাপ হয়েছিল ২০১৬ সালে। তারপর এই প্রথম মহিলাদের ক্রিকেটের আইসিসি ইভেন্টের আসর বসছে ভারতে। ২০২২ সালের মতোই এবারের বিশ্বকাপেও ৮টি দল মোট ৩১টি ম্যাচ খেলবে। ২০১৭ সালের বিশ্বকাপে ভারত রানার-আপ হয়েছিল। ২০২২ সালে অল্পের জন্য সেমিফাইনালে যেতে পারেনি। মিতালি রাজ, ঝুলন গোস্বামীর অবসরের পর এই প্রথম মহিলাদের ওডিআই বিশ্বকাপ খেলবে ভারত।












Click it and Unblock the Notifications