ওপেনিংয়ে সঞ্জুর বদলে শুভমান! টি২০ বিশ্বকাপের আগে দলের ভারসাম্য নিয়ে কী জানালেন অধিনায়ক সূর্য
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টি২০ সিরিজ শুরু হচ্ছে ওড়িশার কটকে। আগামী বছর ঘরের মাঠে হতে চলা টি২০ বিশ্বকাপের আগে এটি দলের জন্য এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি। অধিনায়ক সূর্যকুমার যাদব নিশ্চিত করেছেন, দলীয় কম্বিনেশনে বড় কোনও পরিবর্তনের পরিকল্পনা তাঁদের নেই।
ব্যাটিং অর্ডারেও বিশেষ পরিবর্তন আসবে না। চোট সারিয়ে ফেরা শুভমান গিল সম্ভবত অভিষেক শর্মার সঙ্গেই ইনিংস শুরু করবেন। অধিনায়ক সূর্যকুমার নিজে নামবেন তিন নম্বরে।

সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেন, "আমরা দলীয় কম্বিনেশনে খুব বেশি পরিবর্তন আনতে চাই না। আমাদের মূল লক্ষ্য হল আমরা কেমন ধরনের ক্রিকেট খেলতে চাই তার উপর মনোযোগ দেওয়া। এর বাইরে আর বড় কোনও পরিবর্তনের পরিকল্পনা নেই।"
উইকেটকিপার-ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের ব্যাটিং অর্ডারে পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে। গত বছর সঞ্জু টপ অর্ডারে ওপেন করে সফল হলেও, শুভমান গিলের অন্তর্ভুক্তির কারণে এখন তাঁকে পাঁচ নম্বরে খেলতে হচ্ছে।
এই বিষয়ে সূর্যকুমার যাদব জানান, "সঞ্জু এমন একজন ব্যাটসম্যান যে টপ অর্ডারে ব্যাট করতে পারে। ওপেনার হিসেবে সে ভালো খেলেছে। শুভমান সঞ্জুর আগে সুযোগ পেয়েছে কারণ সে এই জায়গার যোগ্য ছিল, তবে আমরা সঞ্জুকেও পর্যাপ্ত সুযোগ দিচ্ছি।"
তিনি আরও যোগ করেন, "ওপেনার ছাড়া বাকি সবারই ফ্লেক্সিবল হতে হবে, পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে হবে। দুজনেই আমাদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ – উভয়েই একাধিক ভূমিকা পালন করতে পারে। এটি দলের জন্য একটি সম্পদ এবং একটি ভালো 'মাথাব্যথা'।"
২০২৬-এ ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাঠে আইসিসি টি২০ বিশ্বকাপের আগে ভারত দুটি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ১০টি ম্যাচ খেলবে। এই সিরিজগুলি কৌশল ঝালিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ। সূর্যকুমার জানান, "আপাতত এই ম্যাচগুলির উপরই সম্পূর্ণ মনোযোগ থাকছে। টুর্নামেন্টের যত কাছাকাছি আসব, তত ধীরে ধীরে মনোযোগ টি২০ বিশ্বকাপের দিকে যাবে।"












Click it and Unblock the Notifications