ধোনির সঙ্গে সংঘাতেই কী আইপিএল না খেলার সিদ্ধান্ত রায়নার! কী বলছে রিপোর্ট
রায়নার আইপিএল না খেলার আসল কারণ অবশেষে জানা গেল!
আইপিএল শুরু হওয়ার আগেই দুবাই ছেড়ে ভারতে ফিরে এসেছেন সুরেশ রায়না। কেন এমন করলেন চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার, তা নিয়ে নানা জল্পনা ঘুরছে ক্রিকেট মহলে। তবে এ ব্যাপারে সাম্প্রতিক তথা সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেল সিএসকে সূত্র মারফত। তা শুনে আঁতকে উঠতে পারেন ক্রিকেট প্রেমীরা।

হোটেল রুম নিয়ে অখুশি রায়না
চেন্নাই সুপার কিংসের সূত্র মারফত জানা গিয়েছে, করোনা ভাইরাসের আবহে বায়ো সিকিওর পরিবেশে দুবাইতে সুরেশ রায়নাকে যে হোটেল রুম দেওয়া হয়েছিল, তাতে সন্তুষ্ট ছিলেন না সুরেশ রায়না। সিএসকে ম্যানেজমেন্টের কাছে নিজের অসন্তোষের কথা জানিয়েও কোনও সমাধান না পেয়েই দেশের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান ক্ষিপ্ত হন বলে সূত্রের খবর।

ধোনিকে সেরা ঘর
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তথা কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি হোটেলের সেরা ঘরটি পেয়েছেন বলে সূত্রের খবর। ধোনির মতো ব্যালকনি-সহ সুন্দর ঘর দলের অন্য কোনও ক্রিকেটারকে দেওয়া হয়নি বলেই সুরেশ রায়না ক্ষিপ্ত হয়েছেন বলে সিএসকে সূত্রে খবর। দুই পক্ষের বিরোধ এতটাই চরমে ওঠে যে রায়না দুবাই ছাড়ার কথা জানালেও সিএসকে ম্যানেজমেন্ট তাঁকে আটকায়নি বলে খবর। এই ইস্যুতে সরাসরি না হলেও এমএস ধোনির সঙ্গে দেশের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যানের মনোমালিন্য হয়েছে বলেও খবর।

কী বলেছেন শ্রীনিবাসন
দলের অন্যতম স্তম্ভ সুরেশ রায়নার এমন আচরণে সিএসকে-র মালিক এন শ্রীনিবাসন হতাশ হয়েছেন বলে সূত্রের খবর। ঘনিষ্ট মহলে জানিয়েছেন, রায়নার আচরণ নাকি অনেকটা পুরনো দিনের নাক উঁচু অভিনেতাদের মতো। প্রাক্তন বিসিসিআই সভাপতির কথায়, চেন্নাই সুপার কিংস অনেকটা পরিবারের মতো। আর সিনিয়র ক্রিকেটাররা সেই পরিবারের বটবৃক্ষ। কিন্তু তাও যদি কেউ অসন্তুষ্ট হয়ে পরিবার ছেড়ে বেরোতে চান, তাঁকে তিনি আটকাবেন না বলে জানিয়েছেন শ্রীনিবাসন।

কী বলেছিলেন রায়না
যদি দৈনিক জাগরণে দেওয়া সাক্ষাৎকারে সুরেশ রায়না ঘর নিয়ে অসন্তোষের কথা জানাননি। বরং তিনি করোন ভাইরাসের আতঙ্কেই দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছিলেন। বলেছিলেন, সন্তানদের থেকে প্রিয় তাঁর কাছে অন্য কিছু নয়।












Click it and Unblock the Notifications