বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পাঁচ দিনের আবহাওয়া আদৌ ক্রিকেটসুলভ হবে কি?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পাঁচ দিনের আবহাওয়া আদৌ ক্রিকেটসুলভ হবে কি?
আগামী ১৮ জুন থেকে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে শুরু হতে চলা প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা। ম্যাচের পাঁচ দিনই দুই দলের ক্রিকেটারদের মধ্যে তুল্যমূল্য প্রতিযোগিতা হবে বলেও আশা অনেকের। তা তখনই সম্ভব হবে, যখন পরিচিত স্যাঁতস্যাঁতে, মেঘাচ্ছন্ন ও বৃষ্টিচ্ছায় পরম্পরা থেকে বেরিয়ে আসবে ইংল্যান্ডের সাউদাম্পটন। ম্যাচের সব দিন সেখানে আবহাওয়া কেমন থাকবে, তার একটা আভাস দেখে নেওয়া যাক।

টেস্টের প্রথম দিন
আগামী শুক্রবার বা ১৮ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ওই দিন ভোর থেকেই আকাশ কালো মেঘে মোড়া থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। এমনকী সেদিন বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত ও ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। ফলে হাই-ভোল্টেজ ম্যাচের প্রথম দিন যে ৯০ ওভারের খেলা হবে না, তা বোঝাই যাচ্ছে।

টেস্টের দ্বিতীয় দিন
ম্যাচের দ্বিতীয় দিন অর্থাৎ ১৯ জুন আবহাওয়ার সামান্য উন্নতি হবে বলে জানানো হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি কিংবা ভারী বৃষ্টিপাত ও ঝড়ের সম্ভাবনা না থাকলেও সেদিনও আকাশের মুখ ভার থাকবে বলেই আভাস দিয়েছে আবহাওয়া দফতর। হালকা হাওয়া এবং স্যাঁতস্যাঁতে মেঘলা পরিবেশে এজিয়াস বোল ফাস্ট, সুইং, সিম বোলিংয়ের স্বর্গরাজ্যে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে।

টেস্টের তৃতীয় দিন
টেস্টের তৃতীয় দিন অর্থাৎ ২০ জুনেও প্রথম দিনের মতো খেলার অনেকটা অংশ বৃষ্টিতে ধুয়ে যাবে বলে জানানো হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বর্ষার মোটা জলকণা এবং ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগের হাওয়া মাঠের আউট ফিল্ডকে মন্থর করে দিতে পারে। তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে ক্রিকেটের গতি।

টেস্টের চতুর্থ দিন
ম্যাচের প্রথম তিন দিনের মতো হালকা, মাঝারি কিংবা ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও চতুর্থ দিন অর্থাৎ ২১ জুন ঝড় হবেই বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। আকাশ মেঘলা এবং ঘণ্টায় ৩২ কিলোমিটার বেগে হাওয়া চলার কথা থাকায় সেদিনও ফাস্ট, সুইং, সিম বোলাররা বাড়তি সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।

টেস্টের পঞ্চম দিন
টেস্টের পঞ্চম দিন অর্থাৎ ২২ জুন সকাল থেকেই বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। দোসর বজ্রবিদ্যুৎ ও প্রবল বেগের হাওয়ায় সেদিন খেলা শুরু করতেই বিড়ম্বনায় পড়তে হতে পারে আয়োজকদের। ফলে বোঝাই যাচ্ছে সেদিনও আবহাওয়ার কাছে হার মানতে হতে পারে ক্রিকেটকে। খেলা শুরু হলেও পঞ্চম দিনে খুব কম ওভার খেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল আইসিসি তাই আগেভাগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য রিজার্ভ ডে-র ব্যবস্থা করে রেখেছে।

রিজার্ভ ডে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রিজার্ভ ডে হিসেবে নির্ধারিত ২৩ জুন আকাশ মেঘমুক্ত হবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। সেদিন পুরো ৯০ ওভার খেলা হওয়ার মতো পরিস্থিতি থাকবে বলে জানানো হয়েছে। ফলে পঞ্চম দিনের অভাব পূরণ হওয়া সম্ভব বলেই মনে করা হচ্ছে। রৌদ্রজ্জ্বল পরিবেশে ব্যাট ও বলের লড়াইও হবে হাড্ডাহাড্ডি।












Click it and Unblock the Notifications