Cricketers Married To Sportsperson: ওয়ার্নার-মালিক থেকে কার্তিক-ঋতুরাজ, ক্রিকেটারদের ক্রীড়াবিদ সহধর্মিণী
Cricketers Married To Sportsperson: বিশ্ব ক্রিকেটে এমন অনেক তারকা রয়েছেন যাঁরা জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ক্রীড়াবিদদের। সেই তালিকায় রয়েছেন ভারতীয়রাও। সর্বশেষ সংযোজন ঋতুরাজ গায়কোয়াড়।
অস্ট্রেলিয়া থেকে পাকিস্তান, রয়েছে এমন অনেক উদাহরণ। একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।

দীনেশ কার্তিকের প্রথম বিয়ে টেকেনি। তাঁর প্রথম স্ত্রী নিকিতা বাঞ্জারা অন্তঃসত্ত্বা হওয়ার পর তাঁকে বিয়ে করেন মুরলী বিজয়। এরপর দীপিকা পাল্লিকালকে বিয়ে করেন কার্তিক। ২০১৫ সালের অগাস্টে। দেশের অন্যতম সেরা পেশাদার স্কোয়াশ প্লেয়ার দীপিকার সঙ্গে সুখেই সংসার করছেন দীনেশ। আন্তর্জাতিক আসরেও দারুণ সফল দীপিকা।

অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস বিয়ের আগে খেলার দুনিয়াতেই ছিলেন। অস্ট্রেলিয়ার ওয়াটার-স্পোর্ট সার্ফিং ইভেন্ট আয়রনম্যান সিরিজে পেশাদার প্রতিযোগী ছিলেন। ১৪ বছর বয়সে অভিষেকের ২ বছর পর নিউ সাউথ ওয়েলস চ্যাম্পিয়নশিপ জেতেন। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক বিয়ে করেছেন ইয়ান হিলির ভাইঝি, অস্ট্রেলিয়ার মহিলা দলের ক্রিকেটার অ্যালিসাকে।

ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জাকে বিয়ে করেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। তাঁদের এক পুত্রসন্তান বর্তমান। যদিও সাম্প্রতিককালে শোয়েব-সানিয়ার বিয়ে টিকবে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। শিখর ধাওয়ান বিয়ে করেছিলেন আয়েষা মুখোপাধ্যায়কে। বিচ্ছেদ হয়ে গিয়েছে। ফিটনেস-সচেতন আয়েষা ছিলেন কিকবক্সার।

ঋতুরাজ গায়কোয়াড় বিয়ে করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন ক্রিকেটার উৎকর্ষ পওয়ারকে। কেদার যাদব বিয়ে করেছেন মহারাষ্ট্র ও পশ্চিমাঞ্চলের হয়ে খেলা ক্রিকেটার স্নেহাল প্রমোদকে। স্নেহাল ওডিশা ও হায়দরাবাদের হেও খেলেছেন। রবিন উথাপ্পা ২০১৬ সালে বিয়ে করেন শীতল গৌতমকে। শীতলও খুব ফিটনেস-সচেতন এবং জাতীয় দলের হয়ে বয়সভিত্তিক টেনিস খেলেছেন।
ইশান্ত শর্মার স্ত্রী প্রতিমা খেলতেন বাস্কেটবল। ভারতীয় দলের হয়ে এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করেন। ইশান্ত দিল্লি আইজিএমএ বাস্কেটবল লিগে বিচারক হিসেবে গিয়েছিলেন, সেখানেই প্রতিমার সঙ্গে প্রথম আলাপ।












Click it and Unblock the Notifications