রানের খরা কাটাতে বিরাট’কে কী পরামর্শ দিলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ?
একটা সময়ে যেই ড্রাইভে সব থেকে বেশি রান পেতেন, সেই ড্রাইভ-ই কাঁটা হয়ে দাঁড়াচ্ছে বিরাটের ইনিংসে। কভার ড্রাইভ এবং অফ ড্রাইভ খেলতে গিয়ে বারবার উইকেট হারাচ্ছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা'র বিরুদ্ধে প্রথম টেস্টে'র প্রথম ইনিংসে স্লিপে এবং দ্বিতীয় ইনিংসে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক।

একই শট খেলতে গিয়ে বারবার ছন্দ পতন ঘটলেও ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর মনে করেন, ড্রাইভ শট খেলা বন্ধ করা কখনও উচিৎ হবে না বিরাটের, বরং ওর উচিৎ সঠিক বলকে বেছে ড্রাইভ করা। আধুনিক ক্রিকেটের অন্যতম পাওয়ার হাউজ কোহলি। কিন্তু শেষ ২৪ মাসে ভারতের টেস্ট অধিনায়কের ব্যাট থেকে আসেনি একটিও শতরান। শেষ দুই বছরে ২৬.০৮ গড়ে ১৪টি টেস্টে ৬৫২ রান করেছেন বিরাট।
দক্ষিণ আফ্রিকা'র বিরুদ্ধে চতুর্থ দিনের খেলা শেষে রাঠৌর বলেন, "এই শটগুলোই কোহলি'কে কেরিয়ারে প্রচুর রান এনে দিয়েছে এবং এগুলো ওর স্কোরিং শট। অবশ্যই এই শটগুলো ওর খেলা উচিৎ এবং আমি মনে করি যেটা আপনার শক্তি, সেটাই আপনার দুর্বলতা হিসেবে ধরা দেয়।"
২০০৪ সালে অস্ট্রেলিয়া'র বিরুদ্ধে সিডনি টেস্টে'র প্রথম ইনিংসে একটিও কভার ড্রাইভ খেলেননি সচিন তেন্ডুলকর। এই ইনিংসেই তাঁর ব্যাট থেকে এসেছিল অপরাজিত ২৪১ রান, যা সচিনের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান।
ভারতীয় দলের ব্যাটিং কোচ রাঠৌর মনে করেন কোনও একটা শট খেলা বন্ধ করে দেওয়াটাই সমস্যার সমাধান নয়। তাঁর কথাট, "আপনি যদি কোনও শট না খেলেন তা হলে সেই শট খেলতে গিয়ে কখনও আউট হবেন না। তেমন রানও করতে পারবেন না। কখনও সেই শটটা খেলতে হবে সেটা নিয়ে লাগাতার আলোচনা হতে পারে। খেলার আগে দেখতে হবে ওই শটের খেলার জন্য সেটা সঠিক সময় কি না। আমরা যদি আমাদের গেম প্ল্যান'কে আরও একটু কমপ্যাক্ট করতে পারি, তা হলে সেটা ভাল হবে। ওই (ড্রাইভ) শট ভাল মতো খেলে ও (বিরাট) এবং শটটা ওরা খেলা উচিৎ, শুধু ঠিক বলটা বেছে নিতে হবে।"
দক্ষিণ আফ্রিকা'র বিরুদ্ধে সেঞ্চুরিয়ানে প্রথম ইনিংসে লুঙ্গি এনগিডি'র বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপের দাঁড়ানো মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৩৫ রানে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে কোহলি আউট হন উইকেটর পিছনে কুইন্টন ডি'ককের হাতে ক্যাচ তুলে। মার্কো জেনসনের বলে ১৮ রানে আউট হন কোহলি।












Click it and Unblock the Notifications