দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স, ওডিআইয়ে বিশ্বের ২ নম্বর ব্যাটার এখন বিরাট, আছেন রোহিতের পরেই
আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে বিরাট কোহলি ব্যাটারদের তালিকায় দুই ধাপ উঠে চলে এলেন দ্বিতীয় স্থানে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছিলেন কিং কোহলি। তার সুবাদেই এই উত্তরণ।
একদিনের আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটারের তকমা ধরে রেখেছেন রোহিত শর্মাও।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে কোহলি ১৫১ গড়ে ৩০২ রান করেন। এর মধ্যে প্রথম দুই ম্যাচে টানা দুটি শতরান এবং শেষ ম্যাচে অপরাজিত ৬৫ রান রয়েছে। এই সিরিজে ভারত ২-১ ব্যবধানে জয়ী হয়।
অন্যদিকে, রোহিত শর্মাও দারুণ ফর্মে থেকে শীর্ষস্থান ধরে রেখেছেন। এই সিরিজে তিনি দুটি অর্ধ-শতরানের সাহায্যে ১৪৬ রান করেন, গড় ৪৮.৬৭। কোহলির ৭৭৩ রেটিং পয়েন্ট আছে, রোহিতের সংগ্রহ ৭৮১ রেটিং পয়েন্ট।
কোহলি ও রোহিত ছাড়াও, ওডিআই র্যাঙ্কিংয়ে ভারতের কে এল রাহুল ও কুলদীপ যাদবও উন্নতি করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অধিনায়ক রাহুল ৬০ ও অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলেন। এই সিরিজে ভারত অধিনায়ক রাহুল দুই ধাপ এগিয়ে ব্যাটারদের মধ্যে ১২ নম্বরে এসেছেন। সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী (৯টি) কুলদীপ যাদব তিন ধাপ এগিয়ে বোলিং র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন।
এদিকে, দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ২২ রান করে টি২০ আন্তর্জাতিকে ব্যাটারদের সেরা দশে প্রবেশ করেছেন। তিনি তিন ধাপ উপরে উঠে ৮ নম্বরে রয়েছেন।
অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্কও র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। চলতি অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুটি প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার জিতেছেন তিনি। স্টার্ক তিন ধাপ এগিয়ে টেস্ট বোলারদের মধ্যে তৃতীয় স্থানে উঠে এসেছেন, রেটিং পয়েন্ট ৮৫২। এটি তাঁর কেরিয়ারের সর্বোচ্চ রেটিং এবং তিনি সিরিজে এখনও পর্যন্ত ১৪ গড়ে ১৮ উইকেট নিয়েছেন।
টেস্ট ব্যাটারদের মধ্যে জো রুট শীর্ষে রয়েছেন। ব্রিসবেনে অপরাজিত ১৩৮ রানের অনবদ্য ইনিংস খেলেছেন, যা অস্ট্রেলিয়ায় তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি। এরপর কেন উইলিয়ামসন দ্বিতীয় এবং স্টিভেন স্মিথ তৃতীয় স্থানে রয়েছেন। উইলিয়ামসন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ৫২ রান করেছিলেন, এবং স্মিথ অ্যাশেজে এখনও পর্যন্ত ১০৩ রান করেছেন, গড় ৫১.৫০।












Click it and Unblock the Notifications