বিস্ফোরক বিরাট কোহলি, দ্রুততম ব্যাটসম্যান হিসাবে সারলেন ২৫ তম শতরান
ক্যানবেরা, ২০ জানুয়ারি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে দলের 'হোয়াইট ওয়াশ' আটকানো যাবে কিনা সন্দেহ রয়েছে। তবে প্রতিবারের মতো এবারও ঝলসে উঠল বিরাট কোহলির ব্যাট। ৩৪৯ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ফের শতরানের ইনিংস খেললেন কোহলি (১০৬)। একইসঙ্গে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসাবে এদিন ২৫ তম শতরান সেরে ফেললেন বিরাট।
এদিন অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করে ৩৪৮/৮ রানে শেষ করে। শতরান করেন অ্যারন ফিঞ্চ (১০৭)। এছাড়া ডেভিড ওয়ার্নার (৯৩), মিচেল মার্চ (৩৩), স্টিভ স্মিথ (৫১), গ্লেন ম্যাক্সওয়েল (৪১) কেউ রান করতে বাদ যাননি।

এই অবস্থায় খেলতে নেমে রোহিত শর্মা (৪১)-কে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন শিখর ধাওয়ান (১১৪ ব্যাটিং)। তবে রোহিত আউট হওয়ার পরে বিরাট কোহলি নেমেই পাল্টা আক্রমণ করেন অস্ট্রেলীয় বোলারদের।
নাথন লিঁয়, কেন রিচার্ডসন, জন হেস্টিংস ও জেমস ফকনার, কেউ বাদ যাননি বিরাটের ব্যাটিং তাণ্ডবের হাত থেকে। এমনকী ফের একবার জেমস ফকনারের সঙ্গে তর্কাতর্কি করতেও দেখা যায় আগ্রাসী বিরাটকে।
এই ম্যাচ জিতলে রান তাড়া করে ম্যাচ জেতানোর ক্ষেত্রে শচীন তেন্ডুলকরের সঙ্গে একই সারিতে উঠে আসতেন বিরাট। শচীন মোট ১৪ টি ম্যাচ জিতিয়েছেন দেশকে। বিরাট আপাতত ১৩ টে রয়ে গেলেন।












Click it and Unblock the Notifications