Gautam Gambhir: গম্ভীরকে কোচ করার আগে বিরাটের মতামতই নিল না বিসিসিআই, ভারতের অধিনায়কত্বের দৌড়ে কারা?
Gautam Gambhir: গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের সর্বকনিষ্ঠ হেড কোচ হয়েছেন। তবে তাঁর ভারতীয় হেড কোচ হিসেবে অভিষেক সিরিজে নেই রোহিত শর্মা ও বিরাট কোহলি।
এই দুই সিনিয়রকে গম্ভীর কীভাবে সামলাবেন তা নিয়ে চর্চা রয়েছে। তারই মধ্যে জানা গেল, বিরাট কোহলির মতামতই বিসিসিআই নেয়নি গম্ভীরকে হেড কোচ করার আগে।

বিরাট কোহলির নেতৃত্বে গৌতম গম্ভীর খেলেছেন। গম্ভীরের শেষ টেস্টের অধিনায়কও ছিলেন কোহলি। ২০২৩ সালের আইপিএলে বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীর বাকযুদ্ধে জড়ান। তখন গম্ভীর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর।
এরপর গম্ভীরকে বিভিন্ন জায়গায় বিদ্রুপ করেছেন বিরাট কোহলির ভক্তরা। যদিও পরে বিরাট কোহলি নিজেই জানিয়েছেন, গম্ভীরের সঙ্গে তাঁর সম্পর্ক স্বাভাবিক হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বিরাটের সমীকরণ কেমন থাকবে সেটাই দেখার।
বিসিসিআইয়ের সূত্রকে উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, বিসিসিআই গম্ভীরের ব্যাপারে কোহলির মতামত জানতে চায়নি। দুজনে পরবর্তীকালে এক জায়গায় বসে আলোচনা করতেই পারেন। কিন্তু বিসিসিআই বৃহত্তর চিত্রের কথা ভেবেছে।
মূলত তরুণ ক্রিকেটারদের কথা মাথায় রেখেই বছর বিয়াল্লিশের গম্ভীরকে কোচ করা হয়েছে বলে দাবি ওই বোর্ডকর্তার। তবে ওই প্রতিবেদনেই দাবি করা হয়েছে, গম্ভীরকে হেড কোচ করার আগে কথা বলা হয়েছে হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে। হার্দিককে পাকাপাকিভাবে টি২০ অধিনায়ক করা হবে।
বিরাট ও রোহিত টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর হার্দিক টানা ভারতকে টি২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দিয়েছেন। তিনি শ্রীলঙ্কা সফর থেকেই পাকাপাকিভাবে ভারতের টি২০ অধিনায়ক হতে পারেন। যদি তিনি শ্রীলঙ্কা সফরে বিশ্রাম চান, সেক্ষেত্রে সূর্যকুমার যাদব অধিনায়ক হবেন।
আপাতত ঠিক রয়েছে, শ্রীলঙ্কায় টি২০ সিরিজের জন্য হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক ও ঋষভ পন্থকে সহ অধিনায়ক করা হবে। একদিনের সিরিজে অধিনায়ক করা হতে পারে লোকেশ রাহুলকে। পরবর্তীকালে শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থরাও ভারত অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন বলে খবর।
রাহুল দ্রাবিড়ের সঙ্গে রোহিত শর্মার দারুণ সম্পর্ক ছিল। সাফল্যের নেপথ্যে সেটি ইতিবাচক ভূমিকাই নিয়েছে। গৌতম গম্ভীর-রোহিত শর্মা জুটি ভারতকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব জেতাতে পারে কিনা সেদিকে তাকিয়েই ক্রিকেটপ্রেমীরা।
জানা গিয়েছে, শ্রীলঙ্কা সফরে ওডিআই সিরিজে খেলবেন না রোহিত শর্মা ও বিরাট কোহলি। বিশ্রাম দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাহকে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেই এই তিনজন ফিরবেন।












Click it and Unblock the Notifications