ইডেনে বৈভবের বিধ্বংসী শতরানে রেকর্ড! পাঞ্জাবের বিরুদ্ধে বরোদাকে জিতিয়ে কামব্যাক ম্যাচে বাজিমাত হার্দিকের
ইডেনে ঈর্ষণীয় রেকর্ড নিজের দখলে নিল বৈভব সূর্যবংশী। বিহারের এই ক্রিকেটার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সবচেয়ে কম বয়সে শতরান হাঁকানোর নজিরও গড়ে ফেলল।
তবে বৈভবের শতরান সত্ত্বেও বিহারকে সহজেই হারিয়ে দিল মহারাষ্ট্র। চারটির মধ্যে চারটি ম্যাচেই হেরে পয়েন্ট তালিকার তলানিতে বিহার।

মহারাষ্ট্র টস জিতে বিহারকে ব্যাট করতে পাঠায়। বিহার ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে। তার মধ্যে বৈভবের একারই ৬১ বলে অপরাজিত ১০৮ রান। সাতটি করে চার ও ছয় মেরেছে বৈভব।
আজ বৈভবের বয়স ১৪ বছর ২৫০ দিন। ফলে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বকনিষ্ঠ শতরানকারীর রেকর্ড এদিন থেকে চলে গেল বৈভবেরই দখলে। টি২০ ক্রিকেটে এই নিয়ে বৈভবের শতরানের সংখ্যা হলো ১৬ ম্যাচে তিনটি। একটি অর্ধশতরান রয়েছে।
চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বৈভব আগের তিনটি ম্যাচে ছন্দে ছিল না। চণ্ডীগড়ের বিরুদ্ধে ১৪, মধ্যপ্রদেশ ম্যাচে ১৩ এবং জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ৫ রান করে তিনি আউট হয়েছিল বৈভব। আজ বিধ্বংসী মেজাজে পাওয়া গেল রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলা বৈভবকে।
মহারাষ্ট্র ১৯.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ১১টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩০ বলে ৬৬ রান করে ম্যাচের সেরা হন মহারাষ্ট্র অধিনায়ক পৃথ্বী শ।
অন্যদিকে, ভারতীয় দলের জন্য স্বস্তির খবর। কামব্যাক ম্যাচে চেনা ছন্দে পাওয়া গেল হার্দিক পাণ্ডিয়াকে। হায়দ্রাবাদে পাঞ্জাবের বিরুদ্ধে বরোদাকে জেতাতে তিনি ব্যাটে-বলে অবদান রাখলেন। আনমোলপ্রীত সিংয়ের ৩২ বলে ৬৯ ও অধিনায়ক অভিষেক শর্মার ১৯ বলে ৫০ রানের সৌজন্যে পাঞ্জাব ৮ উইকেটে ২২২ রান তুলেছিল।
হার্দিক বোলিং ওপেন করে ৪ ওভারে ৫২ রান দিয়ে একটি উইকেট পান। জবাবে ১৯.১ ওভারে তিন উইকেট খুইয়ে বরোদা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সাতটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪২ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন হার্দিক। তিনিই ম্যাচের সেরা হয়েছেন।












Click it and Unblock the Notifications