উসমান খোয়াজার শতরান, যোগ্য সঙ্গত স্মিথ-গ্রিনের, আমেদাবাদ টেস্টে ভারতকে চাপেই রাখল অস্ট্রেলিয়া
আমেদাবাদ টেস্টের প্রথম দিনেই ভারতকে চাপে রাখল অস্ট্রেলিয়া। উসমান খোয়াজা শতরান হাঁকিয়ে অপরাজিত থাকলেন। অস্ট্রেলিয়া ৪ উইকেটে তুলল ২৫৫ রান।
উসমান খোয়াজার শতরানের সুবাদে আমেদাবাদ টেস্টে সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া। টস জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তোলে ৭৫ রানে। দ্বিতীয় সেশনে কোনও উইকেট না হারিয়ে ৭৪ রান সংগ্রহ করেন স্মিথ ও খোয়াজা। এরপর দুটি উইকেট পড়লেও ১০০-র বেশি রান উঠল তৃতীয় সেশনে।

অপরাজিত শতরান, নায়ক খোয়াজা
প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৯০ ওভারে ৪ উইকেটে ২৫৫। উসমান খোয়াজা এদিনই ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট শতরান হাঁকালেন, চলতি বছরে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। সিডনি টেস্টে গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ১৯৫। চলতি সিরিজের দিল্লি টেস্টে ৮১ রান ভারতের বিরুদ্ধে ছিল তাঁর টেস্টে সর্বাধিক স্কোর। আজ কেরিয়ারের ১৪তম শতরানটি খোয়াজা পূর্ণ করেন ২৪৬ বলে।

নতুন বলেও দাপুটে ব্যাটিং
৮১ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৪ উইকেটে ২০১। তখন নতুন বল নিয়ে অস্ট্রেলিয়ার উপর চাপ বাড়ানো লক্ষ্য ছিল রোহিত শর্মার। কিন্তু ৮২তম ওভারে উমেশ যাদব ১২ রান দিয়ে বসেন। পরের ওভারে মহম্মদ শামি দেন ৬ রান। নতুন বল নেওয়ার পর তৃতীয় ওভারেই রবিচন্দ্রন অশ্বিনকে ডাকেন রোহিত। সেই ওভারে আসে ৫ রান। ৮৫তম ওভারে মহম্মদ শামি ১১ রান খরচ করে বসেন। বাধ্য হয়ে ৮৬ থেকে ৮৯ ওভার অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে দিয়ে করান রোহিত। ৯০তম ওভারে বল করতে আসেন মহম্মদ শামি। প্রথম বলেই চার মেরে ২৪৬ বলে শতরান পূর্ণ করেন খোয়াজা। দিনের শেষে খোয়াজা ২৫১ বলে ১০৪ রানে অপরাজিত রইলেন। ১৫টি চার মেরেছেন। ক্যামেরন গ্রিন ৮টি বাউন্ডারির সাহায্যে ৬৪ বলে ৪৯ রানে অপরাজিত আছেন।

চা বিরতির পর স্মিথকে ফেরান জাদেজা
মধ্যাহ্নভোজ থেকে চা বিরতির মধ্যে কোনও উইকেট পড়েনি অস্ট্রেলিয়ার। এই টেস্ট সিরিজে এমন ঘটনা এই প্রথম। চা বিরতির পর স্মিথ ও খোয়াজার জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। তৃতীয় উইকেট জুটিতে অস্ট্রেলিয়া তোলে ৭৯ রান। স্মিথ ১৩৫ বল খেলে ৩৮ রান করে জাদেজার বলে বোল্ড হয়ে যান। তাঁর ইনিংসে রয়েছে তিনটি বাউন্ডারি। অস্ট্রেলিয়া এদিন প্রথম উইকেট হারিয়েছিল প্রথম ঘণ্টার পর। ৬১ রানের মাথায় রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন ট্রাভিস হেড (৪৪ বলে ৩২)। এরপর দলের ৭২ রানের মাথায় মার্নাস লাবুশেন (২০ বলে ৩) বোল্ড হন মহম্মদ শামির বলে।

শামির ২ উইকেট
ভারতের সফলতম বোলার মহম্মদ শামি। তিনি লাবুশেনের পর বোল্ড করে দেন পিটার হ্যান্ডসকম্বকে (২৭ বলে ১৭)। যদিও ভারত নতুন বল নেওয়ার পর কোনও উইকেট না হারিয়ে ৯ ওভারে ৫৪ রান তুলে ফেলেছে অস্ট্রেলিয়া। শামি ২টি মেডেন-সহ ৬৫ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিনের ২৫ ওভারে ৮টি মেডেন, ৫৭ রান দিয়ে তিনি একটি উইকেট পেয়েছেন। রবীন্দ্র জাদেজা ২০ ওভার বল করেছেন, ২টি মেডেন, ৪৯ রানের বিনিময়ে নেন ১টি উইকেট। উমেশ যাদব ২টি মেডেন-সহ ১৫ ওভারে ৫৮ রান দিয়ে এবং অক্ষর প্যাটেল চারটি মেডেন-সহ ১২ ওভারে ১৪ রান দিয়ে কোনও উইকেট পাননি। শ্রেয়স আইয়ার ১ ওভার বল করেছেন, ২ রান দিয়ে কোনও উইকেট পাননি।












Click it and Unblock the Notifications