বৃষ্টির খামখেয়ালিপনা, ইডেনে এখনও হল না টস, ম্যাচ শুরু নিয়ে ধোঁয়াশা
গত রাত থেকে থেমেছিল বৃষ্টি। তবে সকাল হতেই ফের শুরু ঝিরঝিরে বৃষ্টি
বুধবার সারাদিন ধরে বৃষ্টি হলেও রাতে বৃষ্টি থেমে যাওয়ায় আশান্বিত হয়েছিলেন কলকাতার ক্রিকেট ফ্যানরা , তাহলে হয়ত দেরি হলেও শুরু হবে ভারত -শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচ।

কিন্তু সে গুড়ে বালি। প্রকৃতির নিদানে ফের অনিশ্চিত ম্যাচ শুরু হওয়া। বৃহস্পতিবার সকালে মাঠের কভারের ওপর থেকে সুপার সপার দিয়ে জল তুলে নেওয়ার পর সরিয়ে দেওয়া হয় কভারও। কিন্তু সাড়ে নটা- পৌনে দশটা থেকে ফের শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি। ফলে মাঠে কভার ফিরিয়ে আনা হয়। এখনও পর্যন্ত বৃষ্টি পুরোপুরি না থামায় টসও করা যায়নি।
দুরন্ত ফর্মে থাকা টিম ইন্ডিয়া, আরও একটি সিরিজে শুরু থেকেই জয় দাখিল করার মানসিকতা নিয়ে প্রস্তুতি সারছিলেন বিরাটরা। কিন্তু হঠাৎই বাধ সাধল প্রকৃতির রোষ। বুধবার ভোর রাত থেকেই কলকাতা ও আসপাশের এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। তারপর দিন যত এগিয়েছে বৃষ্টি বেড়েছে। কখনও কখনও ভারি বৃষ্টিও হচ্ছে। স্বাভাবিকভাবেই গোটা ইডেন এখন কভারের তলায়।
এদিকে আবহাওয়া দফতরও কোনও আশার কথা শোনাতে পারেনি। বরং যা পূর্বাভাস রয়েছে তাতে আগামী দু'দিনে বৃষ্টির প্রকোপ বাড়ার সম্ভবনা প্রবল। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমে নিম্নচাপ যা একটা বড় অঞ্চল দিয়ে বিস্তৃত রয়েছে। এরই জেরে ওড়িশা উপকূলে ভারি বৃষ্টি হচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও এর জেরেই বৃষ্টি হচ্ছে। এখনও অবধি যা পূর্বাভাস রয়েছে তাতে আগামী কাল বৃষ্টির দাপট আরও বাড়ার কথা।
সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি-র দায়িত্বে আসার পর গোটা ইডেনের নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে পিচ , আউটফিল্ড সবকিছুতেই বড়সড় পরিবর্তন এসেছে। বৃষ্টি থামলে খুব দ্রুত ম্যাচ শুরু করে দেওয়া সম্ভব। কিন্তু আবহাওয়া দফতর যা পূর্বাভাস দিয়েছে তাতে বৃষ্টি থামাটাই একটা বড় চ্যালেঞ্জ।












Click it and Unblock the Notifications