আন্তর্জাতিক নারী দিবসে কন্যার পিতা হলেন ভারতীয় ক্রিকেটার, দুই সন্তানের জন্মের সঙ্গেই জড়িয়ে অস্ট্রেলিয়া সিরিজ
আমেদাবাদ টেস্টের আগে খুশির খবর পেলেন ভারতের ক্রিকেটার। তাঁর দুই সন্তানের জন্মের সঙ্গেই জড়িয়ে রইল ভারত-অস্ট্রেলিয়া সিরিজ।
আজ আন্তর্জাতিক নারী দিবস। আর সেদিনই ভারতীয় টেস্ট দলের তারকা ক্রিকেটারের ঘর আলো করে এলো কন্যাসন্তান। খুশির খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন ওই ক্রিকেটার ও তাঁর স্ত্রী। ২০২১ সালে তাঁদের প্রথম কন্যাসন্তানের জন্ম। কাকতালীয় বিষয় হলো, তখনও ভারতীয় দলের সিরিজ চলছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

ইন্দোর টেস্টে মহম্মদ শামিকে বিশ্রাম দিয়ে উমেশ যাদবকে নিয়েছিল ভারত। আমেদাবাদে ফের শামি ভারতের প্রথম একাদশে আসছেন। তবে এক্ষেত্রে মহম্মদ সিরাজ নন, উমেশ যাদবই বাইরে থাকবেন বলে ইনসাইডস্পোর্টের প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে। প্রথমে জানা গিয়েছিল, মহম্মগ সিরাজকে বিশ্রাম দিয়ে উমেশ ও শামিকে খেলানো হবে। কিন্তু উমেশ তাঁর স্ত্রীর পাশে থাকার সিদ্ধান্ত নেওয়ায় আমেদাবাদে শামি-সিরাজ জুটিতেই আস্থা রাখতে হবে রোহিত শর্মাদের। আজই সোশ্যাল মিডিয়ায় তাঁদের কন্যাসন্তানের জন্মের খবর ঘোষণা করেছেন ভারতীয় পেসার উমেশ যাদব ও স্ত্রী তানিয়া ওয়াধওয়া। ইন্দোরে তৃতীয় টেস্টের আগেই উমেশের বাবা প্রয়াত হয়েছিলেন। শেষকৃত্য সেরে গিয়ে ইন্দোর টেস্টে খেলেন উমেশ। এবার চতুর্থ টেস্ট শুরুর আগে তিনি ফের বাবা হলেন।
Blessed with baby girl ❤️ pic.twitter.com/nnVDqJjDGs
— Umesh Yaadav (@y_umesh) March 8, 2023
উমেশ ও তানিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন লোকেশ রাহুল, অনুষ্কা শর্মা, সঞ্জনা গণেশন, প্রতিমা সিং, জাসিম লোরা, নূপুর নাগারের মতো একঝাঁক তারকারা। ২০১৩ সালে ফ্যাশন ডিজাইনার তানিয়াকে বিয়ে করেন উমেশ। ২০২১ সালে তাঁদের প্রথম কন্যাসন্তানের জন্ম। তখন ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল। ফলে উমেশ-তানিয়ার দুই কন্যার জন্মের সঙ্গেই জড়িয়ে রইল ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। জানা গিয়েছে, উমেশের স্ত্রী ও তাঁর কন্যাসন্তানের সুস্থ থাকার খবরটিও জানা গিয়েছে।
উমেশ প্রথম দুটি টেস্টে দলে জায়গা পাননি। তবে ইন্দোর টেস্টে প্রথম ইনিংসে তিনটি উইকেট দখল করেন। তাঁর বোলিং ফিগার ছিল ৫ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট। তিনটি উইকেটই এসেছিল রিভার্স স্যুইংয়ে। যার সুবাদে অস্ট্রেলিয়াকে ১৯৭ রানে থামিয়ে দিতে পেরেছিল ভারত। ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলে মূল্যবান ১৭ রানও করেন উমেশ। এই টেস্টে তিনি দেশের মাটিতে শততম টেস্ট উইকেটটিও দখল করেন মিচেল স্টার্ককে সাজঘরে ফিরিয়ে। যে তিনটি উইকেট পেয়েছিলেন তার মধ্যে দুটি ক্লিন বোল্ড, উমেশের ডেলিভারিতে অস্ট্রেলিয়ার ব্যাটারদের উইকেট ছিটকে গিয়েছিল। আইপিএলে উমেশ খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। উমেশ-তানিয়াকে কেকেআরের তরফেও অভিনন্দন জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications