উমেশ-অশ্বিনের দাপট, উনাদকাটের নজির! মীরপুর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে চালকের আসনে ভারত
মীরপুর টেস্টের প্রথম দিনেই ম্যাচের রাশ ভারতের হাতে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। প্রথম সেশনে দুটি, দ্বিতীয় সেশনে তিনটি উইকেট পড়ে। তৃতীয় সেশনে বাকি পাঁচ উইকেট দ্রুত তুলে নিয়ে ব্যাট করতে নামে ভারত। বাংলাদেশের ২২৭ রানের জবাবে দিনের শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে ১৯ রান তুলেছে।

শের-এ-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়কই হয়। টস জিতে তাই বড় রান তোলার লক্ষ্যের কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। লাঞ্চে বাংলাদেশের স্কোর ছিল ২৮ ওভারে ২ উইকেটে ৮২। চা বিরতিতে তা গিয়ে দাঁড়ায় ৫৭ ওভারে ৫ উইকেটে ১৮৪। শেষ অবধি ৭৩.৫ ওভারে ২২৭ রানেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস। শেষ পাঁচটি উইকেট পড়ে ১৪ রানের মধ্যে। ইয়াসির আলির জায়গায় এই টেস্টে সুযোগ পাওয়া মোমিনুল হক তিনে নেমে করলেন ১৫৭ বলে সর্বাধিক ৮৪। ১২টি চার ও একটি ওভার বাউন্ডারি মারেন। মুশফিকুর রহিম ২৬, লিটন দাস ২৫, নাজমুল হোসেন শান্ত ২৪, শাকিব ১৬ এবং জাকির হাসান ও মেহেদি হাসান মিরাজ ব্যক্তিগত ১৫ রানে আউট হন।
৪টি মেডেন-সহ ১৫ ওভারে ২৫ রান খরচ করে চারটি উইকেট দখল করেন উমেশ যাদব। তিনটি মেডেন-সহ ২১.৫ ওভারে ৭১ রানের বিনিময়ে চারটি উইকেট দখল করেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট অভিষেকের ১২ বছর পর কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে টেস্টে নিজের প্রথম উইকেটটি ঝুলিতে পোরেন জয়দেব উনাদকাট। তিনি ১৬ ওভার হাত ঘুরিয়েছেন, ২টি মেডেন, ৫০ রানের বিনিময়ে পেলেন ২টি উইকেট। দুটি টেস্টের মধ্যে ব্যবধানের নিরিখে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। ১২ বছর ২ দিন আগে তাঁর টেস্ট অভিষেক হয়। এরপর ১১৮টি টেস্টের পর তিনি ফের দলে ফিরলেন। ইংল্যান্ডের গ্যারেথ বেটি ১৪২টি টেস্ট পর টেস্ট দলে ডাক পেয়েছিলেন। তাঁর পরেই রইলেন উনাদকাট।
জবাবে খেলতে নেমে দিনের শেষে ৮ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারত ১৯ রান তুলেছে। শুভমান গিল ২০ বলে ১৪ রানে ব্যাট করছেন। লোকেশ রাহুল অপরাজিত ৩০ বলে ৩ রানে। তাসকিন আহমেদ ৪ ওভারে ২টি মেডেন-সহ ৮ রান দিয়েছেন। শাকিব আল হাসান ২টি মেডেন-সহ চার ওভারে ১১ রান খরচ করেছেন।












Click it and Unblock the Notifications