ভারত বনাম ইংল্যান্ড ২০২১ : কিংবদন্তি লয়েডের থেকে আর ১৪ রান দূরে কোহলি
ভারত বনাম ইংল্যান্ড ২০২১ : কিংবদন্তি লয়েডের থেকে আর ১৪ রান দূরে কোহলি
আগামী ৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। এই টেস্টেই আর ১৪ রান করলে কিংবদন্তি ক্লাইভ লয়েডকে ধরে ফেলবেন বিরাট কোহলি। কী এমন নজিরের মালিক হবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক, তা জেনে নেওয়া যাক।

১৪ রান দূরে কোহলি
ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাই টেস্টে বিরাট কোহলিকে অন্তত ১৪ রান করতেই হবে। তেমনটা হলে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েডকে টপকে যাবেন টিম ইন্ডিয়ার নেতা। অধিনায়ক হিসেবে টেস্টে রান সংগ্রাহকের তালিকার চতুর্থ স্থানে উঠে আসবেন বিরাট।

অধিনায়ক বিরাটের টেস্ট রান
ভারতের অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত টেস্টে ৫২২০ রান করেছেন বিরাট কোহলি। নেতৃত্বের দায়িত্ব সামলে টেস্টে রান সংগ্রাহকদের তালিকার পঞ্চম স্থানে রয়েছেন কোহলি। চতুর্থ স্থানে রয়েছেন কিংবদন্তি ক্লাইভ লয়েড। ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ১৪ রান করলে ওয়েস্ট ইন্ডিজের দুই বারের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে টপকে যাবেন বিরাট।

অধিনায়ক ক্লাইভ লয়েডের টেস্ট রান
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হিসেবে টেস্টে ৫২৩৩ রান করেছেন ক্লাইভ লয়েড। কেরিয়ারে মোট ১১০টি টেস্ট ম্যাচ খেলেছেন ক্লাইভ। ৭৫১৫ রান এসেছে তাঁর ব্যাট থেকে। তাতে ১৯টি শতরান সামিল রয়েছে। টেস্টে লয়েডের সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৪২।

তালিকার প্রথম তিন রথি
অধিনায়ক হিসেবে টেস্টে রান সংগ্রাহকের তালিকার প্রথম স্থানে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ (৮৬৫৯ রান)। তালিকার দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয় কিংবদন্তি অ্যালেন বর্ডারের রান ৬৬২৩। তৃতীয় স্থানে থাকা গ্রেট রিকি পন্টিং, অধিনায়ক হিসেবে টেস্টে ৬৫৪২ রান করেছেন।












Click it and Unblock the Notifications