বিদেশের মাটিতে টি-টোয়েন্টিতে নেতা বিরাটের ২ ঈর্ষণীয় নজির, কী বলছে পরিসংখ্যান
বিদেশের মাটিতে টি-টোয়েন্টিতে নেতা বিরাটের ২ ঈর্ষণীয় নজির, কী বলছে পরিসংখ্যান
অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হারিয়ে ওয়ান ডে সিরিজ হারের বদলা নিয়েছে টিম ইন্ডিয়া। একই সঙ্গে অধিনায়ক হিসেবে ২০ ওভারের ক্রিকেটে দুটি অনন্য নজির গড়লেন বিরাট কোহলি। যে রেকর্ড এশিয়ার অন্য কোনও দেশের ক্রিকেট অধিনায়কের ঝুলিতে নেই। বিরাটের নেতৃত্বেই বিদেশের মাটিতেও অপ্রতিরোধ্য হয়ে উঠল ভারতীয় ক্রিকেট দল।

এশিয়ায় বিরাট কোহলিই প্রথম
টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় তিন ফর্ম্যাটেই সিরিজ জিতলেন বিরাট কোহলি। এবার টি-টোয়েন্টি সিরিজ জিতল টিম ইন্ডিয়া। ২০১৮-১৯ মরসুমে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট ও ওয়ান ডে সিরিজ হারিয়েছিল বিরাট কোহলির ভারত। এশিয়ার প্রথম ক্রিকেট অধিনায়ক হিসেবে এমন নজির গড়লেন টিম ইন্ডিয়ার নেতা।

বিশ্বের দ্বিতীয় অধিনায়ক বিরাট
এতদিন অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে তিন ফর্ম্যাটে সিরিজ হারানোর রেকর্ড একক ভাবে ধরে রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। সেই রেকর্ডে এবার ভাগ বসালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা জয়
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজ জিতলেন বিরাট কোহলি। ভারতের প্রথম ক্রিকেট অধিনায়ক হিসেবে এই নজির গড়লেন তিনি। ইংল্যান্ডকে তাদেরই মাটিতে ২-১ ফলে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছিল বিরাটের ভারত। নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠে যথাক্রমে ৫-০ ও ২-১ ফলে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছিল টিম ইন্ডিয়া।

বিদেশে টানা দুটি সিরিজ জয়ের হাতছানি
অস্ট্রেলিয়া সফরের আগে নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজে (৫-০) হোয়াইটওয়াশ করেছিল ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে গেলে বিদেশে প্রতিপক্ষ দলকে পরপর দুই বার সিরিজ হোয়াইটওয়াশ করবে বিরাট কোহলির ভারত। যা কম গৌরবের নয়।












Click it and Unblock the Notifications